ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

 চমকের ঘোষণা! রোমানিয়ায় অবৈধ বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

 চমকের ঘোষণা! রোমানিয়ায় অবৈধ বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে

ঢাকার পথে হতাশা আর অনিশ্চয়তা—সব মিলিয়ে জেরবার বাংলাদেশি কর্মীদের জন্য দারুণ খবর দিয়েছে রোমানিয়া। দেশটিতে যাঁরা অবৈধভাবে রয়ে গেছেন, তাঁদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ করে দিয়েছে রোমানিয়া সরকার। এতে আশার আলো দেখছেন অনেক প্রবাসী বাংলাদেশি।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি ঘোষণায় এই তথ্য জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং–৩২ এর আওতায় এই সুযোগ দেওয়া হয়েছে। এটি অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়েছে এবং ‘রাজক্ষমা কর্মসূচি’র একটি ধারার অধীনে আনা হয়েছে এই নিয়ম।

সহজ ভাষায় বললে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়—এমন দেশগুলোর নাগরিক যাঁরা নানা কারণে রোমানিয়ায় অবৈধ অবস্থায় চলে গেছেন, তাঁরাই মূলত এই সুযোগ পেতে পারেন।

বাংলাদেশ দূতাবাস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এতে বিপদে পড়া বহু বাংলাদেশি কর্মী বৈধ হওয়ার পথ পাবেন।

যেমন ধরুন, কেউ ওয়ার্ক ভিসায় রোমানিয়া এসেছিলেন। কিন্তু যেই কোম্পানি তাঁকে ডেকেছিল, সেই কোম্পানি হঠাৎ নিয়োগ দিতে অস্বীকৃতি জানালো। আর সেটা জানতে জানতে ৯০ দিন পেরিয়ে গেল। এত দিনে তিনি নতুন কোনো চাকরিও পেলেন না। তাহলে তিনি স্বাভাবিকভাবেই অবৈধ হয়ে যান।

এ ছাড়া অনেক সময় দেখা যায়, নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে ট্যাক্স কেটে নিচ্ছে—কিন্তু সেটা সরকারি কোষাগারে জমা দিচ্ছে না। কিংবা সময়মতো টিআরসি (বিদেশি নাগরিকের নিবন্ধন সনদ) কার্ডের আবেদন করছে না। এসব কারণেও বহু কর্মী অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েন।

এখন যাঁরা বৈধ পথে রোমানিয়ায় ঢুকে পরে অবৈধ হয়ে গেছেন, তাঁরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে যেতে পারেন। তবে দ্রুত সময়ের মধ্যে এগোতে হবে। কারণ নতুন আইন কার্যকরের ৬০ দিনের ভিতরে তাঁদের ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করতে হবে।

কিন্তু শুধু যোগাযোগ করলেই হবে না। অবশ্যই একজন নতুন ও বৈধ নিয়োগকর্তা খুঁজে বের করতে হবে। তার অধীনে ওয়ার্ক পারমিট নিতে হবে। তারপর আবেদন করতে হবে টিআরসি কার্ডের জন্য।

যেহেতু এটা পুরো নতুন প্রক্রিয়া, তাই শুরুর দিকে কিছু জটিলতা আসাটাই স্বাভাবিক। তাই দূতাবাস জানিয়েছে, দরকার পড়লে তাঁদের সাহায্য নিতে পারেন কর্মীরা।

তবে সবার জন্য এই সুযোগ খোলা নেই। যাঁরা ইতিমধ্যে রোমানিয়া ছাড়ার নির্দেশ (রিটার্ন ডিসিশন) পেয়ে গেছেন, অথবা যাঁরা পুরোপুরি অবৈধ পথে রোমানিয়ায় ঢুকেছেন, তাঁরা এই সুবিধা পাবেন না। আর সব শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের কথাই চূড়ান্ত বলে মানতে হবে।

সবশেষে সময়টাও মাথায় রাখা জরুরি। এই বিশেষ সুযোগ শুধু ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।