এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন হেনরিক ক্লাসেন। তার এই ফর্ম দেখে দক্ষিণ আফ্রিকা চাইলে বড় সুযোগ কাজে লাগাতে পারে বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক তারকা কেভিন পিটারসেন।
তিনি সরাসরি পরামর্শ দিয়েছেন, ক্লাসেন যেন অবসর ভেঙে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দলে ফিরে আসেন।
২০২৪ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেই দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন ক্লাসেন। ফাইনালেও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি প্রোটিয়াদের।
এরপরই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই উইকেটকিপার-ব্যাটার।
তবে জাতীয় দল থেকে সরে গেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন ক্লাসেন। দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেট (এমএলসি), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), দক্ষিণ আফ্রিকার এসএ২০ এবং আইপিএলে ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে তাকে।
বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন ক্লাসেন। চলতি আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৫৯.১৪ গড়ে এবং ১৫৭.৪১ স্ট্রাইক রেটে ৪১৪ রান করেছেন তিনি।
তার এই দুর্দান্ত পারফরম্যান্স দেখেই নিজের ‘এক্স’ (X) অ্যাকাউন্টে পিটারসেন লেখেন, “দক্ষিণ আফ্রিকা কখনোই ক্রিকেট বিশ্বকাপ জেতেনি। আজ সকালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের উচিত হেনরিখ ক্লাসেনকে ফোন করা।”
তিনি আরও বলেন, “তাকে জিজ্ঞেস করা উচিত, সে কি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে কি না এবং আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দলের কেন্দ্রীয় চরিত্র হতে পারে কি না।”
পিটারসেনের এই মন্তব্যের পর ক্লাসেনের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে।