ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

পদত্যাগ নয়, নির্বাচনেই থাকছি—বিসিবি ইস্যুতে স্পষ্ট বার্তা দিলেন তামিম ইকবাল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

পদত্যাগ নয়, নির্বাচনেই থাকছি—বিসিবি ইস্যুতে স্পষ্ট বার্তা দিলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘিরে চলমান পরিবর্তনের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, পদত্যাগের কোনো চিন্তাই তার নেই এবং আসন্ন বিসিবি নির্বাচনে তিনি অবশ্যই অংশ নেবেন।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সম্প্রতি ১১ সদস্যের অ্যাড-হক কমিটির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

আগেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন তামিম। তবে এবার আরও পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, নির্বাচনের আগে তিনি পদত্যাগ করবেন না।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে অ্যাড-হক কমিটির সভাপতি হিসেবে কথা বলেন তামিম।

তিনি জানান, আগামী রোববার (৩ মে) বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী নির্বাচনের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান পুনরায় তুলে ধরে তামিম বলেন, “পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি। আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। গঠনতন্ত্রে যা অনুমোদন দেবে, আমি সেটাই অনুসরণ করব। অ্যাড-হক কমিটি থেকে পদত্যাগ করার কথাও আমি চিন্তা করিনি। প্রথম দিন থেকেই আমি বলেছি, আমি নির্বাচনে অংশ নেব।”

তিনি আরও বলেন, “ফেয়ার ইলেকশন নিয়ে আমরা অনেক কথা বলেছি। আমি আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।”

সব মিলিয়ে বিসিবি নির্বাচনের আগে তামিমের এই অবস্থান ক্রিকেট মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।