এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

চীনের রাজধানী বেইজিংয়ে ড্রোন বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, বেইজিংয়ে ড্রোন এবং এর যন্ত্রাংশ বিক্রি, ভাড়া দেওয়া বা বাইরে থেকে শহরে আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এই নির্দেশনা শুক্রবার ১ মে থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
নতুন আইন অনুযায়ী, ড্রোন মালিকদের তাদের ডিভাইস অবশ্যই পুলিশের কাছে নিবন্ধন করতে হবে। একই সঙ্গে ড্রোন ব্যবহারের ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো ধরনের আউটডোর ড্রোন ওড়াতে হলে অর্থাৎ ঘরের বাইরে ব্যবহার করতে হলে আগে থেকেই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
এছাড়া ড্রোন ব্যবহারকারীদের জন্য অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ এবং সংশ্লিষ্ট আইন বিষয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
চীন সরকার ড্রোন এবং ‘ফ্লাইং ট্যাক্সি’ প্রযুক্তিকে তাদের কৌশলগত “নিম্ন উচ্চতার অর্থনীতি”র গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে। দেশটির লক্ষ্য, ২০৩৫ সালের মধ্যে এই খাত থেকে প্রায় ২৯০ বিলিয়ন ডলার আয় করা।
বর্তমানে চীনের বিভিন্ন শহরে খাবার সরবরাহ, কৃষিকাজ এবং ভবন পরিষ্কারের মতো কাজে ড্রোন ব্যাপকভাবে ব্যবহার হলেও বেইজিংয়ে নিরাপত্তা বিষয়ক উদ্বেগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, শহরের ভেতরে ড্রোন আনা বা বাইরে নেওয়ার সময়ও নিবন্ধনের প্রমাণ দেখাতে হবে। এমনকি মেরামতের জন্য ড্রোন বাইরে পাঠাতে হলে কুরিয়ারের বদলে মালিককে নিজে উপস্থিত হয়ে তা সংগ্রহ করতে হবে।
তবে কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলা, জরুরি উদ্ধারকাজ এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো পরিস্থিতিতে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি সাপেক্ষে ড্রোন ব্যবহার ও সংরক্ষণ করা যাবে।
তবে সাধারণ ব্যবহারকারী বা বাণিজ্যিক প্রয়োজনে এই ছাড় প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।