ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
Logo
logo

আর বাকি ৪১ দিন : চার নম্বরের গোলপিপাসা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

আর বাকি ৪১ দিন : চার নম্বরের গোলপিপাসা

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৪১ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।
চার নম্বর জার্সিতে বিশ্বকাপে গোল করেছেন ৪১ জন খেলোয়াড়। রক্ষণেও দুর্বার প্রতিরোধ গড়ার পাশাপাশি আক্রমণে গিয়ে গোল করে নিজেদের জাত চেনান এই ডিফেন্সিভ মিডফিল্ডাররা। এই জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ ছয় গোল করেছেন ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ। পাঁচটি করে গোলে তার পরে আছেন জার্মানি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও অস্ট্রেলিয়ার টিম কেহিল। আর্জেন্টিনার ড্যানিয়েল বার্তোনি (৪), ইংল্যান্ডের স্টিভ জেরার্ড (৩) ও মেক্সিকোর রাফা মার্কেজ (৩) আছেন এই তালিকায়।
চার নম্বর জার্সিধারী পাঁচ জন খেলোয়াড় ফাইনালে গোল করেছেন। ১৯৫৮ সালে ব্রাজিলের বিপক্ষে সুইডেনের নিলস লিয়েডহোম, ১৯৬২ সালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ব্রাজিলের জিতো, ১৯৭০ সালে ইতালির বিপক্ষে ব্রাজিলের কার্লোস আলবার্তো, ১৯৭৮ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার বার্তোনি এবং ২০১৮ সালে ফ্রান্সের বিপক্ষে ক্রোয়েশিয়ার পেরিসিচ শিরোপার লড়াইয়ের ম্যাচে গোল করেন।
চার নম্বর জার্সিতে অন্য স্মরণীয় গোলগুলো হলো ১৯৮২ সালে আর্জেন্টিনার বিপক্ষে ইতালির আন্তোনিও কাবরিনির, ১৯৮৬ সালে পোল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের এদিনহোর, ১৯৯৪ সালে জার্মানির বিপক্ষে বেলজিয়ামের ফিলিপ্পে আলবার্তের, ২০০৬ সালে ত্রিনিদাদ-টোবাগোর বিপক্ষে জেরার্ডের। এছাড়া ২০১৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে অস্ট্রেলিয়ার কেহিল, একই আসরে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের দাভিদ লুইজ ও ২০১৮ সালে পর্তুগালের বিপক্ষে স্পেনের নাচো চার নম্বর জার্সিতে দর্শকদের উন্মাদনায় ভাসান।