এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০৮:০৫ পিএম

ইরান ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই ন্যাটো জোটসঙ্গী জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগনের এক ঘোষণায় জানানো হয়, খুব শিগগিরই এই প্রক্রিয়া শুরু হবে।
এই সিদ্ধান্তের পেছনে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎসের সাম্প্রতিক মন্তব্যকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। তিনি অভিযোগ করেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রকে অপমান করেছে এবং ওয়াশিংটন এখনো বুঝতে পারছে না কীভাবে এই সংঘাত থেকে বের হবে।
পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, জার্মান চ্যান্সেলরের এই বক্তব্য ছিল “অনুচিত ও অসহযোগিতামূলক”। তার ভাষ্য অনুযায়ী, সেনা প্রত্যাহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত সেই মন্তব্যেরই জবাব দিচ্ছে।
তিনি আরও বলেন, এই সেনা প্রত্যাহার সম্পন্ন হতে সময় লাগবে প্রায় ছয় মাস থেকে এক বছর। বর্তমানে জার্মানিতে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৫ হাজার সেনা অবস্থান করছে, যা ইউরোপে তাদের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে দিতে পারে এবং ন্যাটো জোটের ভেতরে নতুন করে বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি বাড়াতে পারে।
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জার্মানির অনুরোধে যুক্তরাষ্ট্র অতিরিক্ত সেনা মোতায়েন করেছিল। এখন সেই অতিরিক্ত সেনা ধাপে ধাপে সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি কার্যত আগের অবস্থায় ফিরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।