ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
Logo
logo

পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি নিয়ে কোনো ছাড় নয়—স্পষ্ট বার্তা তেহরানের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ মে, ২০২৬, ০৮:০৫ পিএম

পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি নিয়ে কোনো ছাড় নয়—স্পষ্ট বার্তা তেহরানের

যুক্তরাষ্ট্রের চাপ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে আলোচনার টেবিলে নিজেদের দৃঢ় অবস্থান আরও একবার স্পষ্ট করেছে ইরান। দেশটির পার্লামেন্টের উপ-স্পিকার আলী নিকজাদ জানিয়েছেন, পারমাণবিক জ্বালানি কর্মসূচি কিংবা হরমুজ প্রণালি—কোনো বিষয়েই আপস বা সমঝোতায় যাবে না তেহরান।

তার মতে, ইরানের এই কঠোর অবস্থানের কারণেই প্রতিপক্ষ শেষ পর্যন্ত আলোচনার টেবিল ছেড়ে সরে গেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে জানজান শহরের এঙ্গেলাব স্কয়ারে এক সমাবেশে বক্তব্য দেন আলী নিকজাদ। সেখানে তিনি জানান, সম্প্রতি ১০ দফা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। ওই প্রস্তাবে প্রতিরোধ ফ্রন্টে যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক সক্ষমতা বজায় রাখা, মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়া এবং ক্ষতিপূরণের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল।

তবে নিকজাদের অভিযোগ, আলোচনা শুরু হওয়ার পর থেকেই প্রতিপক্ষ একের পর এক নতুন শর্ত যোগ করতে থাকে। এর মধ্যে সবচেয়ে বড় দাবি ছিল—ইরানের পারমাণবিক কার্যক্রম ২০ বছরের জন্য স্থগিত রাখা।

তার ভাষায়, প্রতিপক্ষ জনমতকে বিভ্রান্ত করতে ইউরেনিয়ামের মজুত হস্তান্তর এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অন্য দেশের হাতে দেওয়ার মতো বিতর্কিত প্রস্তাবও সামনে আনা হয়।

তবে এসব দাবির জবাবে ইরান কঠোর অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

নিকজাদ পরিষ্কার করে বলেন, “পারমাণবিক জ্বালানি বা হরমুজ প্রণালি নিয়ে কোনো ধরনের আলোচনায় যাবে না ইরান।”

সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের অনড় অবস্থান নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি করেছে।