এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০৮:০৫ পিএম

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্ব বাণিজ্যের রুটে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। এখন কনটেইনারবাহী জাহাজগুলো সমুদ্রপথের বদলে স্থলপথ ব্যবহার করে পণ্য গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। শুক্রবার (১ মে) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
লজিস্টিকস ও সামুদ্রিক খাতের সূত্রগুলো বলছে, প্রণালি অবরোধের কারণে জাহাজ মালিকরা এখন বাধ্য হয়ে খাদ্যপণ্য ও বিভিন্ন উৎপাদিত পণ্য ট্রাকের মাধ্যমে সরবরাহের বিকল্প পথ বেছে নিচ্ছেন। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সরাসরি সমুদ্র যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এই পরিবর্তন দ্রুত ঘটছে।
এএফপি জানায়, লোহিত সাগরের উপকূলে সৌদি আরবের জেদ্দা বন্দর এখন একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। সেখানে আন্তর্জাতিক বিভিন্ন শিপিং কোম্পানির জাহাজ সুয়েজ খাল হয়ে এসে পৌঁছাচ্ছে। এরপর সেখান থেকে পণ্য মরুভূমির মহাসড়ক ধরে ট্রাকে করে শারজাহ, বাহরাইন ও কুয়েতসহ বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, জেদ্দা বন্দর এত বিপুল চাপ সামলানোর জন্য পুরোপুরি প্রস্তুত নয়। ফলে সেখানে যানজট, বিলম্ব এবং বিভিন্ন ধরনের লজিস্টিক জটিলতা তৈরি হচ্ছে।
এছাড়া বিকল্প রুট হিসেবে ওমানের সোহর, সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান ও ফুজাইরাহ বন্দরও ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে জর্ডানের আকাবা বন্দর ইরাকের বাগদাদ ও বসরার জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র হিসেবে কাজ করছে। তুরস্ক হয়ে উত্তর ইরাকে পণ্য প্রবেশের একটি করিডোরও এখন সক্রিয় রয়েছে।
সব মিলিয়ে হরমুজ পরিস্থিতি বিশ্ব বাণিজ্যকে নতুন চাপে ফেলেছে এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে।