ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের জয়রথ! দিলেন তৃণমূলকে তোপধ্বনি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের জয়রথ! দিলেন তৃণমূলকে তোপধ্বনি

পশ্চিমবঙ্গের রেজিনগর আর নওদা আসন থেকে জয়ের পথে হুমায়ুন কবির। গত বছর যিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন। তার এই ঘোষণার পরেই তাকে দল থেকে বহিষ্কার করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু বহিষ্কারেও দমে যাননি হুমায়ুন। উল্টো ২০২৫ সালের ৬ ডিসেম্বর তিনি সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর নিজের নতুন দল গড়েন— ‘আম জনতা উন্নয়ন পার্টি’ নামে।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বরেই উগ্র হিন্দুত্ববাদীরা অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলে। আর সেই একই তারিখে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের কাজ শুরু করে সে দিনটিকে স্মরণীয় করে রাখেন হুমায়ুন।

ভোট গণনায় এগিয়ে থাকার পর নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। দাবি করেছেন, গত ১৫ বছরে তৃণমূল এত বেশি লুটপাট করেছে যে এই ফলাফল তাদের প্রাপ্যই ছিল।

সাংবাদিকদের হুমায়ুন বলেন, “তৃণমূলের হারার ব্যাপারে আমি কী বলতে পারি? যা হচ্ছে তা ভালো। এটা হওয়া উচিত ছিল। মমতা তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি তাঁর ভাইয়ের ছেলেকে অনেক বেশি ক্ষমতা দিয়েছিলেন। তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে আর তাদের টাকা-পয়সা লুট করেছে। ব্রিটিশরা ১০০-২০০ বছরে যা লুট করেছিল, তারা ১৫ বছরে সেটাকেও ছাড়িয়ে গেছে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে শুভেচ্ছা জানাতে চাই, যারা তৃণমূলকে জবাব দিয়েছে।”

নিজের জয় প্রসঙ্গে হুমায়ুন বলেন, “আমি দুটি আসনে নির্বাচন করেছি। দুটিতেই জিতব। আর দুপুর ৩টার দিকে জয়ের সার্টিফিকেট নিয়ে ফিরব।”