ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

হুঁশিয়ারি ইরানের! হরমুজে ঢুকলেই মার্কিনিদের ওপর হামলা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

হুঁশিয়ারি ইরানের! হরমুজে ঢুকলেই মার্কিনিদের ওপর হামলা

ইরান এবার খোলাখুলি হুমকি দিয়ে দিল— হরমুজ প্রণালিতে ঢুকলেই মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ওই প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে বের করে আনতে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরই এই কঠোর বার্তা এলো তেহরান থেকে।

ইরানের কেন্দ্রীয় কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, কোনো বিদেশি সশস্ত্র বাহিনী যদি এই প্রণালির কাছাকাছি আসে বা এতে প্রবেশ করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ‘আগ্রাসী মার্কিন বাহিনী’ চেষ্টা করলেই তারা হামলার শিকার হবে।

ইরানের মেজর জেনারেল আলি আব্দুল্লাহ বলেন, “ইরান বারবার বলেছে, এই প্রণালি আমাদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে। এখানে নিরাপদে চলাচল করতে হলে সব পরিস্থিতিতেই আমাদের সঙ্গে সমন্বয় করতে হবে।”

অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানে অংশ নেবে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, ১০০টির বেশি স্থল ও সামুদ্রিক বিমান, বহুমাত্রিক ড্রোন আর ১৫ হাজার সেনাসদস্য। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, কেউ বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে মজার ব্যাপার হলো, ট্রাম্প আবার সামাজিক মাধ্যমে লিখেছেন, “মার্কিন প্রতিনিধিরা ইরানের সঙ্গে খুব ইতিবাচক আলোচনা করছেন। এই আলোচনা সবার জন্য খুব ইতিবাচক কিছু বয়ে আনতে পারে।”