এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

মধ্যপ্রাচ্যে ফের বাড়ল রাজনৈতিক উত্তাপ! এবার আরব আমিরাতকে নিয়ে ইরানের মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ল উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি)। সংস্থার মহাসচিব জাসিম আল-বুদাইওয়ি ইরানের মুখের কথাকে ‘মিথ্যা ও অগ্রহণযোগ্য অভিযোগ’ বলে নিন্দা জানিয়েছেন।
তার কথায়, ইরান এই ধরনের বক্তব্য দিয়ে এই অঞ্চলের দেশগুলোর মধ্যেই অশান্তি লাগানোর চেষ্টা চালাচ্ছে।
জিসিসি মহাসচিব এক বিবৃতিতে বলেন, ‘ইরানের দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর। এগুলো অঞ্চলের নিরাপত্তা আর স্থিতিশীলতা ধ্বংস করার জন্যই পরিকল্পিতভাবে বলা হচ্ছে।’
তিনি আরও সাফ বলেন, ‘ইরান শুধু আবুধাবি আর সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে সরাসরি হামলা চালাচ্ছে তা-ই নয়, বরং তথ্য ঘুরিয়ে-পেঁচিয়ে পেশ করছে। যা আন্তর্জাতিক আইন ও নীতির স্পষ্ট লঙ্ঘন।’ খবর সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম রয়া নিউজের।
মহাসচিবের ভাষ্যমতে, ‘ইরানের এই বিবৃতিতে স্পষ্ট বোঝা যায়, তারা কীভাবে উত্তেজনা বাড়াতে এবং এই অঞ্চলের শান্তি নষ্ট করতে চায়। এতে ইরানের শত্রুতামূলক দৃষ্টিভঙ্গি পরিষ্কার। যা পুরো অঞ্চলের মানুষ ও নিরাপত্তার জন্য বড় হুমকি।’
আল-বুদাইওয়ি জোর গলায় বলেন, ‘জিসিসি এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের পাশে দৃঢ়ভাবে অবস্থান নিচ্ছে। আমিরাতের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব বাঁচাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপে সমর্থন দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা মানেই সব জিসিসি দেশের নিরাপত্তা। এটা পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।’