ঢাকা, শুক্রবার, মে ৮, ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বাবর পাকিস্তানের সেরা ব্যাটারদের একজন’, কী বললেন শান মাসুদ?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

বাবর পাকিস্তানের সেরা ব্যাটারদের একজন’, কী বললেন শান মাসুদ?

পাকিস্তান টেস্ট দল এখন বাংলাদেশে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু আগামীকাল মিরপুরে। তার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনি জানালেন, বাবর আজমের রানে ফেরাটা তাদের জন্য বড় স্বস্তি।

মাসুদ বললেন, ‘বাবর পাকিস্তানে জন্ম নেওয়া সেরা ব্যাটারদের একজন। তাকে রানে দেখা মানেই দারুণ লাগে। রান পেলে আত্মবিশ্বাসটা থাকে। বাবর এখন ফর্মে আছে, রান পাচ্ছে, এটা খুব ভালো খবর। আশা রাখি টেস্টেও সে পিএসএলের মতো রান করবে।’

নতুন কোচিং স্টাফ নিয়ে মাসুদ বলেন, ‘আমরা যাদের সঙ্গে খেলতাম, তারাই এখন কোচ। সরফরাজ ভাই former captain, উনার নেতৃত্বে খেলেছি। আসাদ শফিক ভাইও অন্যতম সেরা ব্যাটার ছিলেন। আমার ক্যারিয়ারের শুরুর দিকে তার সঙ্গেও খেলেছি। আমরা সবাই একে অপরকে খুব ভালো চিনি। তারা জানে কীভাবে আমাদের থেকে সেরাটা বের করে আনতে হয়। তাই নতুন লাগছে না।’

এর আগে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছিল। এবার টেস্ট সিরিজ জিতলে সেই হার কি প্রতিশোধ নেওয়া হবে? মাসুদ বলেন, ‘প্রতিশোধ নিয়ে ভাবতে চাই না। ওরা যেভাবে টি-টোয়েন্টিতে আমাদের হারিয়েছে, বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। তারা এই কন্ডিশনে ভালো খেলে। তবে ভালো খেলেই ওরা জিতেছে। আমরা জেনে রাখি ওদের শক্তির জায়গা। মুলতানে ২৬ রানে ৬ উইকেট হারিয়েও ম্যাচ জিতেছিল ওরা। কাউকে হালকাভাবে নেব না। আবার প্রতিশোধ নিয়েও ভাবছি না। শুধু ভালো খেলে জিততে চাই। ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই।’