এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে রেকর্ডের পাহাড়! মুশফিককেও টপকে গেলেন এই তারকা, পড়ুন বিস্তারিত
চা বিরতির ঠিক আগে শেষ ওভারের দ্বিতীয় বলে হঠাৎ থমকে যায় সবকিছু। মুহাম্মদ আব্বাসের করা বলে এলবিডব্লিউর আপিল। আম্পায়ার কিন্তু সাড়া দিলেন না। উল্টো পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ রিভিউ নিলেন। আর তখনই চমক! সিদ্ধান্ত বদলে গেল, ভেঙে গেল ১৭০ রানের দুর্দান্ত জুটি। বিদায় নিতে হলো শান্তকে।
কিন্তু এর আগেই তিনি করে ফেলেছিলেন এক অসাধারণ কাজ। তার আগের বলেই তো আব্বাসকে কভার ড্রাইভ দিয়ে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন শান্ত। মাত্র ১২৯ বলে ১২টি চার আর ২টি ছক্কায় তিন অঙ্ক স্পর্শ করা বাংলাদেশের এই অধিনায়ক পাঁচ ম্যাচে চতুর্থবার সেঞ্চুরি হাঁকালেন!
এটি ছিল অধিনায়ক হিসেবে শান্তর পঞ্চম সেঞ্চুরি। আর এই একটি ইনিংসই তাকে ঢুকিয়ে দিল ইতিহাসের পাতায়। মাত্র ১৭ ম্যাচ খেলেই বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক বনে গেলেন তিনি। বলছি সেঞ্চুরির দিক থেকে। যেখানে মুশফিকুর রহিম খেলেছেন ৩৪ ম্যাচে করেছেন ৪টি সেঞ্চুরি, সেখানে শান্ত পৌঁছে গেলেন ৫ সেঞ্চুরিতে!
শান্তর এই পথচলা শুরু ২০২৩ সালের ডিসেম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দিয়ে প্রথম সেঞ্চুরি করার পর যেন থেমে থাকেননি তিনি। গত বছর জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে জোড়া সেঞ্চুরি। তারপর একই বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি শতক। আর আজ মিরপুরে ইতিহাস গড়লেন এই বাঁহাতি তারকা।
ছোটবেলায় কে ভেবেছিল, একদিন বাংলাদেশের সেরা অধিনায়ক ব্যাটার হবেন এই শান্ত!