এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০৫:০৫ পিএম
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা চলছে। কিন্তু তাতেও বাধল না পবিত্র হজ। আজ সোমবার (২৫ মে, ৮ জিলহজ) থেকে সৌদি আরবে শুরু হয়েছে হজের আচার-আনুষ্ঠানিকতা। ইতিমধ্যেই মক্কা থেকে মিনায় যাত্রা শুরু করেছেন হজযাত্রীরা।
গতকাল রোববার রাত থেকে হজযাত্রীরা মক্কা ত্যাগ করতে শুরু করেন। বাস বা পায়ে হেঁটে মিনায় যাওয়ার আগে তারা পবিত্র কাবা ৭ বার তাওয়াফ (প্রদক্ষিণ) করেন। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখ মানুষ সৌদিতে জড়ো হয়েছেন। আরও কয়েক লাখ সৌদি নাগরিকও যোগ হয়েছেন তাদের সঙ্গে।
জেনে নিন হজের সময়সূচি:
হজের আচার-আনুষ্ঠানিকতা চলে ৬ দিন। ঈদুল আজহার ৩ দিন আগে শুরু হয়, আর শেষ হয় ঈদের ২ দিন পর। এবার সৌদিতে ঈদুল আজহা ২৭ মে। তাই ২৯ মে শেষ হবে হজ।
সেবার মান বাড়াতে নানা উদ্যোগ:
হজযাত্রীদের ক্যাম্পে যাতায়াত সুষ্ঠু করতে ও সেবার মান বাড়াতে সমন্বিত ব্যবস্থা চালু করেছে মন্ত্রণালয়। আবাসন, খাওয়া, পরিবহন—সবকিছুর প্রস্তুতি আছে। আর মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। জিলকদ মাস থেকে এখন পর্যন্ত ৮৩ হাজারের বেশি পরিদর্শন ও সফর সম্পন্ন করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরিদর্শনের আওতায় ছিল হাজিদের বাসস্থান, আতিথেয়তা কেন্দ্র, তাঁবু ও সব সেবাকেন্দ্র।
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। সামর্থ্যবান মুসলিম নর-নারীর জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ।