বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং সংক্রান্ত তদন্তের খবরকে সম্পূর্ণ 'ভিত্তিহীন' ও 'মিথ্যা' বলে দাবি করেছে বিসিবি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নিয়ে বোর্ড সজাগ হয়েছে এবং এই মিথ্যা খবর ছড়ানোর সঙ্গে যুক্তদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, "বোর্ড স্পষ্টভাবে জানাচ্ছে যে, এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া। অ্যালেক্স মার্শাল ব্যক্তিগতভাবেই এই অভিযোগ অস্বীকার করেছেন এবং লিখিতভাবে নিশ্চিত করেছেন যে এ ধরনের কোনো তদন্তের অস্তিত্বই নেই।"
লিখিত বক্তব্যে অ্যালেক্স মার্শাল বলেছেন, "'আমি বিসিবি সভাপতি আমিনুলের ফিক্সিংয়ে জড়িত থাকা নিয়ে তদন্ত করছি'—এটা পুরোপুরি মিথ্যা ও বানানো অভিযোগ।"
বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানিয়েছে, এই ধরনের ভুয়া তথ্য ছড়ানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। এসব কাজের মাধ্যমে বিসিবি সভাপতির সুনাম নষ্ট করা এবং বোর্ড ও দেশের ক্রিকেটের সততাকে প্রশ্নের মুখে ফেলার চেষ্টা স্পষ্ট।
ভুয়া তথ্য ছড়ানোর কারণে থানায় জিডি করার কথা উল্লেখ করে বিসিবি বলেছে, "এই প্রেক্ষাপটে, ভুয়া তথ্য ছড়ানো সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের পেজ ও দায়ীদের বিরুদ্ধে বিসিবি আইনি পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে জিডি নম্বর ৩৮৬৭ দায়ের করা হয়েছে।"
এতে আরও বলা হয়েছে, বিসিবি মানহানির যেকোনো চেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে আছে এবং বোর্ড, এর খেলোয়াড় বা কর্মকর্তাদের লক্ষ্য করে এমন অপপ্রচারে জড়িত ব্যক্তি বা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাধারণ মানুষ ও মিডিয়াকে অনুরোধ জানিয়েছে, "যাচাই না করা তথ্য শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকুন এবং সঠিক ও বিশ্বস্ত খবরের জন্য শুধুমাত্র আনুষ্ঠানিক উৎসের ওপর ভরসা রাখুন।"
