সিডনির শীতল বাতাসে এক অবিশ্বাস্য দৌড় দেখল বিশ্ব অ্যাথলেটিকস। মাত্র ১৮ বছর বয়সে ২০০ মিটার শেষ করলেন Gout Gout—সময় ১৯.৬৭ সেকেন্ড। এই দৌড় তাকে শুধু জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণই এনে দেয়নি, বরং অনূর্ধ্ব-২০ বিশ্ব রেকর্ডও ভেঙে দিয়েছে।

এতদিন এই বয়সে দ্রুততম ২০০ মিটারের রেকর্ড ছিল কিংবদন্তি Usain Bolt-এর দখলে। ১৮ বছর বয়সে বোল্টের সেরা সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড। গাউট এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন।

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো ২০০ মিটার ২০ সেকেন্ডের নিচে শেষ করলেন গাউট। অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এমন কীর্তি গড়েই তিনি বলেন, “আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।”

এরই মধ্যে তাকে ঘিরে শুরু হয়েছে নতুন তুলনা—বোল্টের সঙ্গে। লম্বা স্ট্রাইড, সোজা ভঙ্গিতে দৌড় এবং শেষ দিকে ভয়ংকর গতির কারণে অনেকেই তাকে ডাকছেন “পরের বোল্ট” বলে।

তবে ইতিহাস বলছে, বোল্ট ১৮ বছর বয়সে ছিলেন এক বিস্ময়বালক। পরবর্তীতে তিনি গড়েছেন অলিম্পিক স্বর্ণ, বিশ্ব রেকর্ড আর একক আধিপত্যের এক মহাকাব্যিক অধ্যায়। এখন সেই পথে গাউটের সামনে পড়ে আছে অনেক দীর্ঘ পথ।

আগামী অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গাউট বলেন, “আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী… আমি আরও দ্রুত দৌড়াতে পারি। মূল লক্ষ্য হলো ধারাবাহিকভাবে ২০ সেকেন্ডের নিচে থাকা।”

বোল্টের সঙ্গে তুলনা নিয়ে তার প্রতিক্রিয়া, “বিশ্বের সেরা কারো সঙ্গে তুলনা হলে ভালো লাগে। কিন্তু আমি শুধু নিজের ওপর মনোযোগ দিই। আমি আমি-ই। কোনো চাপ নেই।”

ট্র্যাকে নামার পর তার মনোযোগ শুধু দৌড়েই থাকে বলে জানান তিনি।

গাউটের জন্ম ২০০৭ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ইপসউইচে। তার বাবা-মা বোনা ও মনিকা দক্ষিণ সুদানের নাগরিক। সংঘাতের কারণে তারা ২০০০-এর দশকের মাঝামাঝি মিশর হয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হন। ছোটবেলা থেকেই অ্যাথলেটিকসের সঙ্গে যুক্ত হন গাউট।

মাত্র দুই বছরের কম সময় আগেই বিশ্ব অ্যাথলেটিকসে আলোচনায় আসেন তিনি। ২০২৪ সালের শেষ দিকে ২০০ মিটারে ভেঙে দেন পিটার নরম্যানের ৫৬ বছরের পুরোনো রেকর্ড। এরপর ২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অভিষেকেই নজর কাড়েন এই তরুণ।

জাপানে অনুষ্ঠিত ওই আসরের সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন তিনি। তবে এবারের কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছেন না এই উদীয়মান তারকা।

এখনো হয়তো পুরো বিশ্ব ট্র্যাক দখল করেননি গাউট, কিন্তু ১৯.৬৭ সেকেন্ডের এই দৌড় ইঙ্গিত দিচ্ছে—অ্যাথলেটিকসের ভবিষ্যৎ খুব দ্রুত তার দিকেই এগোচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৮ অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে তিনি হতে পারেন অন্যতম ফেভারিট।

 

news