বদলে গেল টুইটারের লোগো

ইলন মাস্কের হাত ধরে ১৭ বছর পর রাতারাতি বদলে গেলো মাইক্রোব্লগিং সাইট টুইটারের লোগো। সোমবার (০৩ এপ্রিল) থেকে দেখা যাচ্ছে, চির পরিচিত ডানা মেলা ব্লু বার্ডের স্থানে একটি বাদামি রঙের শিবা ইনু কুকুর। এই কুকুর জাপানের একটি প্রজাতি।

ইলন মাস্ক টুইটারে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায়, টুইটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন এক পুলিশ। কিন্তু সেখানে নীল পাখির ছবি দেখে চিনতে পারছেন না। তার ভুল ভাঙিয়ে দিয়ে টুইটারের নতুন লোগো বলছে, ওটা আসলে পুরনো ছবি।

আরও একটি টুইট করেন মাস্ক। এক টুইটার ব্যবহারকারীর সঙ্গে পুরনো কথপোকথনের ছবি ভাগ করে নেন ইলন। সেখানে এক টুইটার ব্যবহারী ইলনকে বলেন, টুইটার কিনে পাখির লোগোটি বদলে ডগির ছবি লাগান। ইলন তখন বলেন, হ্যাঁ এটার দরকার আছে। টুইটার কর্তা সেই বার্তালাপের ছবি ভাগ করে বলেন, কথা রাখলাম।

জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি সংস্থা ডগিকয়েনর লোগো হিসেবে ব্যবহার হয় এই কুকুরের ছবি, যা ২০১৩ সালে তৈরি করেছিল তারা। ফলে অজস্র মিমের মাধ্যমেও নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় টুইটারের নতুন এই লোগো।

এ বিষয়ে কিছুই জানায়নি টুইটার কর্তৃপক্ষ। অনেকের অনুমান, টুইটারের বড়সড় শেয়ার কিনতে পারে ওই ডগিকয়েন সংস্থাটি। টুইটারে লোগো বদলের পরেই এক ধাক্কায় ডগিকয়েনের বাজারমূল্য ৩০ শতাংশ বেড়ে গেছে।

এদিকে হঠাৎ করে নীল পাখির স্থানে বাদামি রঙের কুকুরের ছবি দেখে বিভ্রান্তিতে পড়েছেন অনেকে। প্রশ্ন উঠেছে, অন্য একটি সংস্থার লোগো কেন ব্যবহার করছেন মাস্ক? তাহলে কি মালিকানা বদল হতে পারে?

গত বছরের অক্টোবরের ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার পর একাধিক পরিবর্তন করেছেন মাস্ক। এর মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছে। এখন দেখার বিষয়- এই লোগো পরিবর্তনের সিদ্ধান্ত কীভাবে নেন নেটিজেনরা।

এনবিএস/ওডে/সি

Walton Ads