রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনার সময় ভবনটিতে কোচিং ক্লাস চলছিল এবং উপস্থিত ছিলেন প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী।

একজন কলেজ কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, বিধ্বস্ত ভবনটি মূলত দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। ক্লাস শেষ হওয়ার পর কোচিং সেশন চলাকালীন বিমানটি ভবনটিতে বিধ্বস্ত হয়। এতে হঠাৎ আগুন ধরে যায় এবং ভবনের ভেতরে থাকা অনেক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়েন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের একটি ব্যাগে করে একজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আহত অবস্থায় ৮ থেকে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় শিক্ষার্থীদের স্বজনরা হাসপাতালের বাইরে ভিড় করছেন। অনেকেই উৎকণ্ঠায় অপেক্ষা করছেন প্রিয়জনের খোঁজে। কলেজ কর্তৃপক্ষও ঘটনাস্থলে ও হাসপাতালে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, দুর্ঘটনার সময় ভবনটিতে দেড়শ শিক্ষার্থী থাকার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Walton Ads