রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র, জাপানসহ ৫২টি দেশ ও অঞ্চলকে সম্ভাব্য সুনামি থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ভূমিকম্পটি স্থানীয় সময় বুধবার ভোররাতে ঘটে। এরপর থেকেই উপকূলীয় অঞ্চলগুলোতে সুনামির ঢেউ আঘাত হানতে শুরু করেছে। রাশিয়ার কিছু উপকূলীয় শহরে ইতিমধ্যে ৩-৪ মিটার উচ্চতার ঢেউ দেখা দিয়েছে।
সুনামি ঝুঁকিকে তিনটি স্তরে ভাগ করেছে বিশেষজ্ঞরা। রাশিয়া, ইকুয়েডর ও হাওয়াইয়ে ৩ মিটারের বেশি ঢেউয়ের আশঙ্কা রয়েছে। চিলি, জাপান, পেরুসহ ১৪টি দেশে ১-৩ মিটার উচ্চতার ঢেউ আসতে পারে।
অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ডসহ ৩৫টি দেশে ০.৩-১ মিটার উচ্চতার ছোট ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলো থেকে হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের পর প্রথম কয়েক ঘণ্টা সবচেয়ে বিপজ্জনক। উপকূলের কাছে থাকা সবাইকে উচ্চভূমিতে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সুনামি সতর্কতা কেন্দ্রগুলো অবিরাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
