১৫ আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বৈঠককে কেন্দ্র করে উত্তপ্ত বাক্যবিনিময় করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সরাসরি বললেন, “ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনার টেবিলে বসলে কোনও সুরাহা আসবে না। আমরা আমাদের জমি কখনো রাশিয়াকে ছেড়ে দেব না।”

জেলেনস্কি সামাজিক মাধ্যমে বলেছেন, “আমরা সবাই শান্তি চাই, তবে এই যুদ্ধে ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ বন্ধ সম্ভব নয়। ইউক্রেনের স্বার্থকে উপেক্ষা করলে শান্তি আসবে না।”

এর আগেই, শুক্রবার ট্রাম্প নিজেই জানান, “অবশেষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমার বৈঠক হতে যাচ্ছে। ১৫ আগস্ট আলাস্কায় আমাদের সাক্ষাৎ হবে।” পরবর্তীতে রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্টরা ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করবেন এবং দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি নিশ্চিত করার চেষ্টা করবেন।”

তবে ট্রাম্প বহুদিন ধরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করার চেষ্টা করলেও তাতে বড় কোনো সাফল্য পাননি। এ নিয়ে পুতিনের ওপর ট্রাম্পের ক্ষোভও লক্ষ্য করা গেছে। এমনকি জেলেনস্কিকে ট্রাম্প প্রশ্ন করেছিলেন, “অস্ত্র দিলে মস্কোতে বোমা ফেলতে পারবেন?” যদিও ক্ষমতায় ফিরে নীতি বদলে ট্রাম্প পুতিনকে কাছে টানার চেষ্টা করেছিলেন। এবার দেখা বাকি নতুন বৈঠকের পর পরিস্থিতি কেমন হয়।

Walton Ads