মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সিদ্ধান্তে এবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় জর্জরিত। ইজরায়েল বিরোধী প্রচারণা এবং প্যালেস্টাইনের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভের কারণে ট্রাম্প সরকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার (প্রায় ৮৭৫৮ কোটি টাকা) জরিমানা করার ঘোষণা দিয়েছে।
সরকার জানায়, জরিমানা না মেটালে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সব অনুদান বন্ধ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
গত বছর প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ইজরায়েল-বিরোধী বিক্ষোভ হয়েছিল। হার্ভার্ড, কলম্বিয়ায়া বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও আন্দোলনের আঁচ ছিল। তবে এসব আন্দোলন মার্কিন প্রশাসনের চোখে পড়ে, যা ট্রাম্পের রোষানলে পড়েছে।
ট্রাম্প অভিযোগ করেছেন, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে আন্দোলনের আড়ালে ইহুদি বিদ্বেষ ছড়ানো হয়েছে। শুক্রবার ক্যাম্পাস প্রধান জেমস মিলিকেন সরকারি নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন এবং বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
এর আগে মার্চ মাসে ট্রাম্প সরকার কলম্বিয়ায়া বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ৪০ কোটি ডলারের অনুদান বাতিল করেছিল। ওই বিশ্ববিদ্যালয়ে ইজরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষের পর ইহুদি ছাত্রদের ওপর নানা ধরনের অত্যাচারের অভিযোগ ওঠে। একই কারণে এবার ট্রাম্পের রোষে পড়ল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ও।
