লন্ডন: আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। ভিসামুক্ত ৮৫টি দেশের নাগরিকদের জন্য আগাম অনুমোদন বাধ্যতামূলক করা হচ্ছে। এর আওতায় পড়বেন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (EU) দেশগুলোর নাগরিকরাও। 

ব্রিটিশ সরকার জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইটিএ চালু হলেও এখন পর্যন্ত তা কঠোরভাবে কার্যকর করা হয়নি। তবে আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে নিয়মটি সম্পূর্ণভাবে প্রয়োগ করা হবে।

ইটিএ কী? ইটিএ কোনো ভিসা নয়; এটি যুক্তরাজ্যে স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য একটি ডিজিটাল অনুমতি। যেসব দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে ভিসা লাগে না, তাদেরই এটি নিতে হবে।

থাকার মেয়াদ: ইটিএ-ধারীরা সর্বোচ্চ ছয় মাস পরিবার পরিদর্শন, পর্যটন বা সাধারণ ভ্রমণ উদ্দেশ্যে যুক্তরাজ্যে থাকতে পারবেন।

আবেদন ফি: ইটিএর জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ১৬ পাউন্ড।

নিয়ম লঙ্ঘন নয়: সরকারি তথ্যমতে, চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইটিএ ইস্যু হয়েছে ১ কোটি ৩৩ লাখের বেশি।

২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে ইটিএ ছাড়া কোনো ভ্রমণকারী বৃটেনগামী বিমান, ট্রেন বা জাহাজে উঠতে পারবেন না।

অ্যাপের মাধ্যমে: অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লেতে থাকা ‘ইউকে ইটিএ’ অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। স্মার্টফোন না থাকলে ব্রিটেন সরকারের ওয়েবসাইট থেকেও আবেদন করা যাবে।

প্রয়োজনীয় তথ্য: আবেদনের সময় পাসপোর্ট ও যোগাযোগের তথ্যসহ একটি বৈধ ছবি জমা দিতে হবে।

সময়: বেশিরভাগ ক্ষেত্রেই কয়েক মিনিটের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে অনুমতি মিললেও, জটিল ক্ষেত্রে তিন কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

ব্রিটিশ সরকার বলছে, ইটিএ দেশের অভিবাসনব্যবস্থাকে আধুনিক, ডিজিটাল ও আরও নিরাপদ করতে সহায়ক হবে। পাশাপাশি আগেভাগে ভ্রমণকারীদের তথ্য যাচাইয়ের সুযোগ তৈরি করে নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।

মাইগ্রেশন ও সিটিজেনশিপমন্ত্রী মাইক ট্যাপ বলেন, “ইটিএ আমাদের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের আগেই শনাক্ত করতে সাহায্য করবে। একই সঙ্গে অভিবাসনব্যবস্থার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। ডিজিটাল প্রক্রিয়ার ফলে ব্রিটেনে আসা লাখো ভ্রমণকারীর জন্য যাত্রা হবে আরও মসৃণ ও সহজ।”

ব্রিটিশ ও আইরিশ নাগরিক এবং দ্বৈত নাগরিকরা এর বাইরে থাকবেন, তবে তাদের বৈধ ব্রিটিশ পাসপোর্ট বা সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

যাত্রাপথে হিথ্রো বা ম্যানচেস্টার বিমানবন্দরে ট্রানজিট নিয়ে পাসপোর্ট নিয়ন্ত্রণ এলাকায় প্রবেশ না করলে ইটিএ-এর প্রয়োজন হবে না।

 

Walton Ads