আবারও সমুদ্রে চলমান একটি নৌযানের ওপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে চালানো এই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এই ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আলজাজিরার একটি প্রতিবেদনে এই খবর প্রকাশ পায়।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) বৃহস্পতিবার এক বিবৃতিতে দাবি করে, তাদের এই অভিযানে দুজন "মাদক সন্ত্রাসী" নিহত হয়েছেন। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে চলমান একটি অভিযানের সময় এই ঘটনা ঘটে বলে তারা জানায়।

তবে আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারক করা এই কমান্ড নিহত ব্যক্তিরা বা আক্রান্ত নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত- এমন কোন প্রমাণ প্রকাশ করেনি।

বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও পর্যবেক্ষকের দৃষ্টিতে, প্রশান্ত ও ক্যারিবীয় সাগরে নৌযান লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তাদের সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে এখন পর্যন্ত এ ধরনের অন্তত ৩৪টি অভিযান চালানো হয়েছে, যাতে ১২৬ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এয়ারওয়ার্স নামের একটি ওয়াচডগ সংস্থার সংকলিত তথ্য বলছে, ২০২৬ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের অধীনে নৌযান লক্ষ্য করে চালানো এটিই প্রথম নথিভুক্ত হামলা।

 

Walton Ads