আন্তর্জাতিক ডেস্ক: এক ধাক্কায় এক তৃতীয়াংশ সাংবাদিক-কর্মীকে ছাঁটাই করে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট। চাকরি হারিয়েছেন শশী থারুরের ছেলে ঈশান থারুরসহ মোট ৩০০ জন। এদের মধ্যে অনেকেই যুদ্ধক্ষেত্রে রিপোর্টিং করছিলেন, কেউ কেউ ছিলেন বিশ্বের বড় বড় রাজধানীতে দায়িত্বে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঈশান থারুর নিজেই এক্স হ্যান্ডেলে এই ছাঁটাইয়ের খবর শেয়ার করেছেন। তিনি নিউজরুমের একটি ছবি পোস্ট করেন, যেখানে কালো বোর্ডে লেখা ছিল—‘অন্ধকারে গণতন্ত্রের মৃত্যু!’ ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খারাপ দিন’। এই পোস্টটি শেয়ার করেছেন খোদ শশী থারুরও।

জানা গেছে, গত বুধবার ওয়াশিংটন পোস্ট ৩০০ সাংবাদিক ও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, আর্থিক চাপের কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। ওয়াশিংটন পোস্টে মোট ৮০০ জন কর্মী ও সাংবাদিক কাজ করতেন। এদের মধ্যে ঈশান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সিনিয়র কলামিস্ট ছিলেন।
ঈশান জানিয়েছেন, তিনি ১২ বছর ধরে এই সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। সহকর্মীদের বিদায় জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘মর্মাহত’। পাঠকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, শুধু কর্মী ছাঁটাই নয়—ওয়াশিংটন পোস্ট ক্রীড়া বিভাগ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। একাধিক বিদেশি ব্যুরোও গুটিয়ে নেওয়া হয়েছে। বই বিষয়ক কভারেজও স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন এই সংবাদপত্রের পাঠক সংখ্যা হু হু করে কমে গিয়েছিল। এর জেরে দীর্ঘদিনের এই প্রতিষ্ঠান আর্থিক চাপের মুখে পড়েছে।

আরও জানা গেছে, বুধবার সকালে ওয়াশিংটন পোস্ট সব কর্মীকে ইমেল করে বাড়িতে থাকার নির্দেশ দেয়। খানিক পর আরেকটি ইমেলে জানানো হয়, ৩০০ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। সেই তালিকাও প্রকাশ করা হয়। যদিও এখনও পর্যন্ত ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে ছাঁটাই নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

 

Walton Ads