ইরান তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে—এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইরানের সঙ্গে একটি বড় ধরনের শান্তি চুক্তি এখন খুবই কাছাকাছি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যেই তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে সম্মতি দিয়েছে। তবে বিষয়টি নিয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত পাওয়া যায়নি।

ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধের কারণেই ইরান আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে। তার ভাষায়, “ইরান চুক্তি করতে চায়, আর আমরা তাদের সঙ্গে খুব ভালোভাবে এগোচ্ছি।”

তিনি জানান, ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন নেই বলে মনে করছেন তিনি। কারণ এই সময়ের মধ্যেই একটি স্থায়ী শান্তি চুক্তি হয়ে যাবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল শুরু হওয়া এই অস্থায়ী যুদ্ধবিরতি ২১ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চলতি সপ্তাহের শেষের দিকে ইরানের সঙ্গে আবারও আলোচনা হতে পারে। এমনকি চুক্তি সম্পন্ন হলে তিনি স্বাক্ষরের জন্য পাকিস্তান সফরেও যেতে পারেন।

শেষে ট্রাম্প বলেন, “এই মুহূর্তে ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। আমি মনে করি, চার সপ্তাহের বোমা হামলা এবং শক্তিশালী নৌ অবরোধের কারণেই এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে।”

 

news