বৃদ্ধ মা-বাবার নিরাপত্তা ও সম্মান রক্ষায় নতুন করে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির প্রকাশিত নির্বাচনী ইশতেহারে পিতা-মাতার ভরণপোষণ আইন-২০১৩ কার্যকরভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
শুক্রবার প্রকাশিত ইশতেহারের বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন সংক্রান্ত অধ্যায়ে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জন্মদাতা মা-বাবাকে নির্যাতন করা কিংবা বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো দুঃখজনক প্রবণতা রোধে পিতা-মাতার ভরণপোষণ আইন-২০১৩ পুনরায় পর্যালোচনা করা হবে। আইনটির বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে তা দূর করা এবং কার্যকরভাবে প্রয়োগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
ইশতেহারে আরও জানানো হয়েছে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বিভিন্ন ধরনের ভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে দুস্থ বিধবা, স্বামী পরিত্যক্তা নারী এবং অসহায় বয়স্ক নাগরিকদের জন্য দেওয়া ভাতা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বাড়ানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া প্রবীণ পেনশনারদের চিকিৎসাভাতা বাড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে বেসরকারি খাতে কর্মরত ব্যক্তিদের বার্ধক্যজনিত আর্থিক কষ্ট কমাতে একটি বিশেষ ‘পেনশন ফান্ড’ গঠনের পরিকল্পনার কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে।
ইশতেহারে আরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, হতদরিদ্র এতিম শিশুদের সহায়তায় রাষ্ট্রীয় ভরণপোষণ তহবিল গঠন করা হবে। এই তহবিলের মাধ্যমে এতিম শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ এবং প্রয়োজনীয় মৌলিক সেবাসমূহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বিএনপি।
