স্পোর্টস ডেস্ক: শনিবার থেকেই শুরু হয়ে গেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মহা আসর! এই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারির সিংহাসন এখনও দখলে রেখেছেন আমাদের সাকিব আল হাসান। ৫০টি উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন শহিদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গার মতো কিংবদন্তিদের। কিন্তু এবার সেই রাজত্ব হারানোর বড় শঙ্কা সামনে!
কারণ, সাকিব এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দূরে। নির্বাসন আর রাজনৈতিক ঝামেলায় তিনি দেশের বাইরে রয়েছেন লম্বা সময় ধরে। লিগ ক্রিকেট খেলে বেড়াচ্ছেন বিশ্বের এদিক-ওদিক। যে জাদুকরকে ক্রিকেট বিশ্ব 'ম্যাজিশিয়ান' বলে ডাকতো, সেই সাকিব আজ নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত।
যখন সাকিব মাঠে নামতেন, তখন লাল-সবুজ জার্সিতে গ্যালারি জেগে উঠতো উত্তেজনায়। ব্যাট-বলের হুঙ্কারে দল পেতো অসাধারণ রসদ। কিন্তু তার নির্বাসনের পর বাংলাদেশ ক্রিকেটে যেন কালো মেঘ ঘনিয়ে এসেছে। আইসিসির দ্বিমুখী নীতির কারণে প্রথমবারের মতো বিশ্বকাপ বয়কট করতে হয়েছে টাইগারদের।
তবুও টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যানের পাতা উল্টালেই সাকিবের নাম জ্বলজ্বল করে ধ্রুবতারার মতো। ৫০ উইকেট! এই রেকর্ডের নিচে চাপা পড়ে আছে আফ্রিদি, মালিঙ্গাদের মতো তারকাদের নাম।
কিন্তু এবারের বিশ্বকাপে সেই সিংহাসনটা নড়বড়ে হয়ে উঠেছে। আধুনিক ক্রিকেটের দুই স্পিন জাদুকর ওয়ানিন্দু হাসারাঙ্গা আর রশিদ খান ওত পেতে আছেন সাকিবের রেকর্ড ছিনিয়ে নিতে। দুজনের ঝুলিতেই আছে ৩৭টি করে উইকেট। মাত্র ১৪ উইকেট দূরে তারা সাকিবের ৫০ থেকে!
ইতিহাস হয়তো বদলে যাবে এবার, নতুন কেউ উঠবে চূড়ায়। কিন্তু সাকিবের সেই দাপুটে বিচরণ, তার জাদুকরী স্পিন আর অলরাউন্ড পারফরম্যান্স—ক্রিকেট বিশ্ব কি কখনো ভুলতে পারবে?
