বিদায়লগ্নে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ফুটবল অধ্যায়—এমনই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ। আল নাসর ও সৌদি প্রো লিগকে ঘিরে তৈরি হওয়া নাটক দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সৌদি কর্তৃপক্ষের দাবি উপেক্ষিত হলে দেশ ছাড়তেও প্রস্তুত আছেন পর্তুগিজ মহাতারকা।
আল নাসরের হয়ে রিয়াদ ক্লাবের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে না থেকে নিজের অসন্তোষ প্রকাশ করেন রোনালদো। বিষয়টি কোনো চোট বা শারীরিক সমস্যার কারণে নয়—এটি ছিল একেবারেই সচেতন প্রতিবাদ। মূল অভিযোগ, সৌদি ফুটবলের ট্রান্সফার বাজারে আল হিলাল বড় বড় শক্তি বাড়ালেও আল নাসরের জন্য তেমন কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।
সিবিএস স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো ইতোমধ্যেই সৌদি কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন। বর্তমান পরিস্থিতির সমাধান না হলে তিনি শুধু আল নাসর নয়, পুরো সৌদি আরবই ছাড়তে প্রস্তুত। এমন সিদ্ধান্ত সৌদি প্রো লিগের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
এর আগে ধারণা করা হয়েছিল, অনুশীলনে ফেরায় রোনালদোর প্রতিবাদ শেষ হয়ে যাবে। সৌদি কর্মকর্তারাও তাই ভেবেছিলেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। অনুশীলনে থাকলেও তার মনোভাব বদলায়নি। অসন্তোষ এখনো রয়ে গেছে গভীরেই। প্রতিবেদনে বলা হয়, রোনালদো নিজেকে ‘বিশ্বাসঘাতকতার শিকার’ মনে করছেন। তার দাবি, আল নাসরের ভবিষ্যৎ ক্রীড়া পরিকল্পনা নিয়ে তিনি কোনো স্পষ্ট নিশ্চয়তা পাচ্ছেন না। মূলত ক্লাবের স্পোর্টিং দিকনির্দেশনা নিয়েই তার ক্ষোভ। এই নিশ্চয়তা ছাড়া সৌদিতে থাকার অর্থ খুঁজে পাচ্ছেন না তিনি।
বর্তমান চুক্তি অনুযায়ী, রোনালদোর প্রায় ৫৮ মিলিয়ন মার্কিন ডলারের রিলিজ ক্লজ রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট শর্তে চাইলে তিনি চুক্তি ভেঙে ক্লাব ছাড়তে পারেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সৌদি প্রো লিগে খেলার পরও এখনো শিরোপার স্বাদ পাননি এই তারকা। ব্যক্তিগত পারফরম্যান্সে ধারাবাহিক হলেও দলগত সাফল্য না আসায় তার হতাশা আরও বেড়েছে।
