NBS Bangla — ২৩ নভেম্বর ২০২৬, ৬:৪৭ পিএম
সুন্দরবনে শকুন সংরক্ষণে ১০ দেশের সভা, দেশে শকুন ২৪৮টি
বাংলাদেশে শকুনের সংখ্যা চার দশকে প্রায় অর্ধলাখ থেকে কমে ২৪৮টিতে নেমেছে…

বাংলাদেশে শকুনের সংখ্যা চার দশকে প্রায় অর্ধলাখ থেকে কমে ২৪৮টিতে নেমেছে। মহাবিপন্ন এই পাখির বিলুপ্তি ঠেকাতে আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর সুন্দরবনে জাহাজে বসছে ‘সেভিং এশিয়ান ভালচার্স ফ্রম এক্সটিংশন’ (সেভ)-এর ২০২৬ সালের বার্ষিক সভা।
বাংলাদেশ বন বিভাগ সভাটির আয়োজন করছে। এতে এশিয়ার ছয় দেশসহ বিশ্বের ১০টি দেশের প্রায় ৩০ জন প্রাণী গবেষক ও সরকারি প্রতিনিধি অংশ নেবেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, সভায় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও কানাডার প্রতিনিধিরা থাকবেন।
সভায় এশিয়ার দেশগুলোর শকুন সংরক্ষণের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুন-নিরাপদ অঞ্চল গড়ে তোলা, সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন, প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তদেশীয় সহযোগিতা বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব পাবে।
এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও সংখ্যা পুনরুদ্ধারের লক্ষ্যে ২০১১ সালে ‘সেভ’ জোট প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুন সংরক্ষণে কাজ করছে এই উদ্যোগ। আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় বন বিভাগ সভার আয়োজন করছে।
আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, মহাবিপন্ন শকুনের বিলুপ্তি ঠেকাতে ২০১১ সাল থেকে ‘সেভ’ কাজ করছে। ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এ জোটের বার্ষিক সভা হয়েছিল। ২০২৫ সালে শ্রীলঙ্কার কলম্বোয় সভাটি অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের বার্ষিক সভা এবার সুন্দরবনে জাহাজে হচ্ছে।
তিনি জানান, বাংলাদেশে বর্তমানে শকুনের সংখ্যা ২৪৮টি। সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী ও লাউডোবসহ বিভিন্ন এলাকায় শকুন দেখা যায়। এবারের সভায় শকুনের সংখ্যা বৃদ্ধি, নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং সংরক্ষণ কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হবে।
আগামী ২৫ নভেম্বর সুন্দরবনে জাহাজে সভার উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, শকুন রক্ষায় ‘সেভ’-এর ২০২৬ সালের বার্ষিক সভা প্রথমবারের মতো সুন্দরবনে অনুষ্ঠিত হচ্ছে। এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ সভা থেকে শকুনের আবাসস্থল সুরক্ষা, বিলুপ্তি প্রতিরোধ ও বংশবৃদ্ধির জন্য বাস্তবমুখী পরিকল্পনা ও সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, মৃত প্রাণীর দেহ দ্রুত পরিষ্কার করে শকুন পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। এতে রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমে। তাই শকুনের সংখ্যা কমে যাওয়া শুধু একটি প্রজাতির অস্তিত্বের সংকট নয়, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগজনক।
সম্পর্কিত সংবাদ

ফকিরহাটে ১১ অতিথি পাখি উদ্ধার, অবমুক্ত
বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা বাজার থেকে বিক্রির সময় ১১টি অতিথি পাখি উদ্ধার করেছে বন বিভাগের যৌথ অভিযানিক দল। …


