ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র কথায় ও কাজে কোনো রকমারি রাখেন না। স্পষ্টবাদী হিসেবে তাঁর বিশেষ 'খ্যাতি' রয়েছে। ব্যক্তিগত জীবনে বহু বছর ধরে একা জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী। এবার মজার ছলেই প্রেম-বিয়ে নিয়ে আক্ষেপের কথা জানালেন তিনি।
রবিবার (৩০ নভেম্বর) শ্রীলেখা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। তাতে তিনি লিখেছেন, "লোকজন কি সুন্দর বিয়ে করছে, আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।" হ্যাশট্যাগে যোগ করেন, "আমার ভালোবাসার ধর্ম।"
শ্রীলেখার এই পোস্টে ইতিমধ্যেই শত শত মন্তব্য করছেন ভক্ত ও অনুসারীরা। অনেকে রসিকতা করে মজাও নিচ্ছেন। একজন ব্যবহারকারী নীল নাওয়াজ লিখেছেন, "বয়স! এবার প্রস্তাবের বন্যা বইবে। তুমি শুধু ইনবক্স চেক করতে থাকো। আর আজ সন্ধ্যার মধ্যে কোনো এক নিউজ পোর্টাল খবর করবে—'প্রেমিক খুঁজছেন শ্রীলেখা মিত্র।" আরেকজন কৌশিক পরামর্শ দিয়ে লিখেছেন, "প্রেম করতে চাওয়ার কন্ডিশন গুলো একবার বলো, তাহলে দেখবে সেখানেও খরা লেগে যাবে।" সংগীত নামের আরেকজন মন্তব্য করেন, "বাড়ির সামনে লাইন লেগে যাবে কিন্তু।" এমন অসংখ্য মজার মন্তব্যে ভেসে যাচ্ছে তাঁর পোস্টের কমেন্ট বক্স।
শ্রীলেখার সংসার ভাঙার পর বিভিন্ন সময়ে অনেকের সাথেই তাঁর নাম জড়িয়েছে। এর আগেও তিনি জানিয়েছিলেন, তাঁর সঙ্গে প্রেম করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। সেই তথ্য জানিয়ে শ্রীলেখা মিত্র বলেছিলেন, "যদি কারো সঙ্গে প্রেম হয়, তাহলে প্রথম শর্ত—কুকুর ভালোবাসতে হবে। আমি তো দেখি না কেউ প্রেমেটেমে পড়ছে। কোথায় তারা? আর কুকুর বলতেও আমার কেমন জানি লাগে। ওরা আমার বাচ্চা, নাম ধরে ডাকি।"
শিলাদিত্য স্যান্যলের সঙ্গে সংসার ভাঙার পর আর কখনো বিয়ে করেননি শ্রীলেখা। প্রেম করলেও তিনি বিয়ে করতে চান না। তাঁর নিজের ভাষায়, "প্রেমে পড়তে চাই, প্রেমে পড়ে উঠতে চাই। আমি বিয়ে করতে চাই না। আমার প্রাক্তন, আমি ও আমার মেয়েকে এখনো একটা ইউনিট মনে হয়। এই ইউনিটটা ভাঙতে চাই না।"
