গত নভেম্বরে গুঞ্জন ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’-এ শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। তখন নির্মাতার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। শুধু জানানো হয়েছিল, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় ভারতের একজন নায়িকাকে দেখা যাবে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন জ্যোতির্ময়ী নিজেই। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে তিনি জানান, ইতিমধ্যে শ্রীলঙ্কায় পাঁচ দিনের শুটিং শেষ করেছেন তিনি।

পরিকল্পনা ছিল ডিসেম্বরে ভারতে ‘প্রিন্স’-এর শুটিং শুরু হবে। কিন্তু নির্ধারিত সময়েও ক্যামেরা ওপেন করা যায়নি। কারণ, ভারতে শুটিংয়ের জন্য শিল্পী ও কলাকুশলীদের ভিসা পাওয়া যায়নি। এতে করে রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। এই পরিস্থিতিতে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সিদ্ধান্ত নেয়, ভারতের বদলে শ্রীলঙ্কাতেই শুটিং হবে। সেখানেই টানা পাঁচ দিন শুটিংয়ে অংশ নেন জ্যোতির্ময়ী কুণ্ডু।

শুটিং সেটে দারুণ সহযোগিতা পাচ্ছেন বলে জানান এই অভিনেত্রী। ঈদ সামনে থাকায় সময়ের চাপ থাকলেও কাজটা বেশ উপভোগ করছেন তিনি। জ্যোতির্ময়ী বলেন,
‘আমাদের কাজ তো ঘড়ি ধরে হয় না। দরকার হলে রাত জেগেও শুটিং করতে হচ্ছে। দ্রুত কাজ শেষ করতে হবে—এই চিন্তাই সবার মাথায়। সবাই খুব সহযোগিতা করছেন। উচ্চারণ ঠিকঠাক বলতে সাহায্য করছেন। আমি নতুন—এটা একদমই বুঝতে দিচ্ছেন না।’

টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয় শুরু জ্যোতির্ময়ীর। ‘প্রজাপ্রতি ২’ সিনেমার মাধ্যমে টালিউডে তাঁর অভিষেক হয়। প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে পেয়েছেন দেবকে, আর দ্বিতীয় সিনেমাতেই শাকিব খান—এটা যে দারুণ শুরু, তা মানছেন অনেকেই। শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জ্যোতির্ময়ী জানান, দেব ও শাকিব দুই ইন্ডাস্ট্রির মানুষ হলেও কাজের ধরনে তাঁদের মধ্যে মিল রয়েছে।
তার কথায়, ‘দেব আর শাকিব খান আলাদা মানুষ। কিন্তু সহ-অভিনেতা হিসেবে দুজনই ভীষণ সহযোগী। তাঁরা এত বড় তারকা—শুটিং সেটে সেটা একদমই বুঝতে দেন না।’

নব্বইয়ের দশকের পটভূমিতে তৈরি হচ্ছে ‘প্রিন্স’। এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে গ্যাংস্টারের চরিত্রে। জ্যোতির্ময়ী কুণ্ডু ছাড়াও আরেক নায়িকা হিসেবে আছেন তাসনিয়া ফারিণ। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।

 

news