গাজায় ইসরায়েলের গণহত্যা ও দখল অভিযান নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। সৌদি আরব এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এটি ন্যায়বিচারের পথে বড় পদক্ষেপ। তেল আবিবের ঘনিষ্ঠ মিত্ররাও এখন দূরে সরে যাচ্ছেন।
ইসরায়েলের গাজা দখল অভিযান যত তীব্র হচ্ছে, ততই ভেঙে পড়ছে তেল আবিবের কূটনৈতিক শক্তি। এবার বড় আঘাত এলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সিদ্ধান্তে—তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।
সোমবার সৌদি আরব এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি ফিলিস্তিনের ন্যায়বিচার ও স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিশ্বজুড়ে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন দ্রুত বাড়ছে। এত দিন যারা ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল, তারাও এখন গাজার গণহত্যা ও ধ্বংসযজ্ঞ দেখে চাপে পড়ছে।
গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও বেসামরিক মানুষের মৃত্যু আন্তর্জাতিক ক্ষোভ উসকে দিয়েছে। এর ফলে একসময় পাশে থাকা দেশগুলোও এখন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে।
তবে, বাড়তে থাকা কূটনৈতিক চাপে দখলদার বাহিনীর কোনো শিথিলতা দেখা যাচ্ছে না। বরং গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে তারা যেন নিজেদের শক্তি প্রদর্শনেই ব্যস্ত।
