ভারতের তথ্যপ্রযুক্তির রাজধানী বেঙ্গালুরু শহরের ব্যস্ত মোড়ে দেখা মিলল এক প্রাক্তন ব্যাংক কর্মীর। পাশে রাখা ব্যাকপ্যাক, হাতে চিরকুট, যেখানে লেখা—“১৪ বছর ব্যাংকে চাকরি করার পর এখন বেকার, থাকার জায়গাও নেই। সাহায্য করুন।” পাশে ছিল একটি কিউআর কোড, সম্ভবত ডিজিটাল অনুদানের জন্য।

ভারতীয় সংবাদমাধ্যম NDTV এ খবরটি সম্প্রতি প্রকাশ করে।

এই হৃদয়বিদারক দৃশ্যের ছবি সম্প্রতি রেডিটে শেয়ার করেন একজন ব্যবহারকারী। তিনি লিখেছেন, “বেঙ্গালুরুর এক সিগন্যালে তার সঙ্গে দেখা হলো। বিষয়টি যতই হৃদয়বিদারক হোক, ভাবছি—এটা কি সমাজের ব্যর্থতা, নাকি তার ব্যক্তিগত সিদ্ধান্তের ফল?”

রেডিট পোস্টটি দ্রুত ভাইরাল হয়। ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ সহানুভূতি প্রকাশ করেন, কেউ সমালোচনা। প্রশ্ন উঠে—এটা কি ব্যক্তিগত সিদ্ধান্তের ফল, নাকি সমাজ ব্যবস্থার ব্যর্থতা?

একজন ব্যবহারকারী লিখেছেন, “আমাদের দেশে কলেজ পাস করা শিক্ষার্থীর ১%-এর জন্যও চাকরি নেই।”

অন্য একজন মন্তব্য করেছেন, “তিনি কি শারীরিকভাবে অক্ষম? যদি হ্যাঁ, তবে সহানুভূতি। যদি না হন, তবে বেঙ্গালুরুর মতো শহরে একজন তরুণ মানুষ ভিক্ষা চাইতে বাধ্য হওয়ার কোনো কারণ নেই। কাজের অভাব নেই—কাজ করার ইচ্ছা থাকলেই বেঁচে থাকার উপার্জন সম্ভব। জীবন কঠিন, তবে দাঁড়িয়ে লড়াই করতে হবে।”

তবে একজন ব্যবহারকারী ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েছেন। তার মন্তব্য, “শারীরিকভাবে সক্ষম হলে ডেলিভারি বা ড্রাইভিংয়ের কাজ করতে পারতেন। তবে দীর্ঘদিন বেকার থাকলে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, বিষণ্ণতায় ভোগে। সেটিও বড় বাধা।”

এই পোস্টটি সমাজে চাকরি, মানসিক স্বাস্থ্য, এবং ব্যক্তিগত ও সামাজিক চ্যালেঞ্জ নিয়ে নতুন আলোচনার সূত্রপাত করেছে।

 

Walton Ads