নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান সহিংস বিক্ষোভের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। একই সময়ে, হেলিকপ্টারের দড়ি ধরে পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নেপালের কয়েকজন মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যরা একটি সেনা হেলিকপ্টারের রেসকিউ স্লিং বা দড়ি আঁকড়ে ধরে নিচে নেমে যাচ্ছেন। ভিডিওতে তাদের আতঙ্কিত অবস্থাও স্পষ্ট।
নেপালে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী মোতায়েন হয়েছে। সেনারা রাজধানী পাহারা দিচ্ছে এবং সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। কাঠমান্ডুর বিভিন্ন স্থানে আগুন, ধ্বংসযজ্ঞ ও সহিংসতার কারণে পরিস্থিতি এখনও খারাপ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেন-জি আন্দোলনের কয়েকটি গোষ্ঠী ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। তারা দাবি করেছে, আন্দোলনটি সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা ছিনতাই ও অরাজকতার জন্য ব্যবহার করেছে।
