আন্তর্জাতিক ডেস্ক, জেরুজালেম: নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের সিনিয়র অফিসারদের জন্য অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। কয়েক সপ্তাহ আগেই গুগল দাবি করেছিল—আইফোনের চেয়ে তাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো নাকি বেশি সুরক্ষিত। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনীর সর্বশেষ সিদ্ধান্তে সেই পরিস্থিতি হঠাৎই উল্টো দিকে মোড় নিয়েছে।
কারা ব্যবহার করতে পারবেন না? ইসরায়েলের ‘আর্মি রেডিও’ এই খবর প্রথম প্রকাশ করে, যা পরে তুলে ধরে ‘জেরুজালেম পোস্ট’। তাদের প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়ম অনুসারে লেফটেন্যান্ট কর্নেল বা তার ওপরের পদমর্যাদার কর্মকর্তারা শুধুমাত্র আইফোন ব্যবহার করতে পারবেন। শীর্ষ কর্মকর্তাদের ফোনে হ্যাকিং বা অনুপ্রবেশের ঝুঁকি কমানোই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য।
কেন এই কঠোর সিদ্ধান্ত? হামাসের সঙ্গে চলমান সংঘাত এবং বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার আগেই ইসরায়েলি সেনাদের ওপর বহুবার সাইবার ‘হানি পট’ (Honey Pot) হামলার অভিযোগ পাওয়া গেছে। এসব হামলায় সৈন্যদের ফোন বা কম্পিউটার লক্ষ্য করে হ্যাকিংয়ের চেষ্টা করা হয়, যাতে তাদের অবস্থানসহ গুরুত্বপূর্ণ সামরিক তথ্য চুরি করা যায়।
গুগলের জন্য বড় ধাক্কা: আশ্চর্যের বিষয় হলো—এই সিদ্ধান্তের ঠিক এক মাস আগে গুগল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ইনফরমেশন নেটওয়ার্ক অনুমোদন তালিকায় তাদের বিভিন্ন পিক্সেল ফোন অন্তর্ভুক্ত হয়েছে। গুগল বলেছিল, পিক্সেল ফোনগুলো বিশেষভাবে নিরাপদ এবং বিভিন্ন সামরিক মিশনের উপযোগী করে বানানো।
সেই সময় গুগল এই স্বীকৃতিকে বড় ধরনের অগ্রগতি হিসেবে উল্লেখ করেছিল। কিন্তু এখন সামরিক খাতে ইসরায়েলের অ্যান্ড্রয়েড নিষিদ্ধের খবরটি গুগলের জন্য বড় ধাক্কা বলেই মন্তব্য করেছে ফোর্বস।
নিরাপত্তার ধারাবাহিকতা: জেরুজালেম পোস্ট আরও জানিয়েছে, এই পদক্ষেপ আগের নিরাপত্তা উদ্যোগগুলোর ধারাবাহিকতা—যার মধ্যে রয়েছে মোবাইল নিরাপত্তা প্রশিক্ষণ এবং সৈন্যদের সামাজিক প্রকৌশল (সোশাল ইঞ্জিনিয়ারিং) সম্পর্কে সচেতন করা। আইডিএফ বলেছে, “সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সতর্কতা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই এসেছে অ্যান্ড্রয়েড নিষিদ্ধের সিদ্ধান্ত।”
ব্যক্তিগত ব্যবহারে ছাড়, সামরিক কাজে নিষেধাজ্ঞা: ইসরায়েল ন্যাশনাল নিউজ জানিয়েছে, নতুন নিয়মে সামরিক কাজে আইফোন ছাড়া অন্য কোনো ফোন ব্যবহার করা যাবে না। তবে ব্যক্তিগত কাজে অ্যান্ড্রয়েড ব্যবহার করা যাবে, কিন্তু সামরিক বা কমান্ড-সংক্রান্ত কাজে এর ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
অ্যাপলের কর্তৃত্ব: যদিও গত ১৮ থেকে ২৪ মাসে নিরাপত্তা জোরদার করতে অ্যান্ড্রয়েডে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে এবং আগামী বছর থেকে অ্যাপ ইনস্টল সীমিত করার পরিকল্পনাও আছে গুগলের, তবুও নিয়ন্ত্রিত ইকোসিস্টেমের কারণে নিরাপত্তার দিক থেকে এখনও অ্যাপল এগিয়ে—এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।
