বিশ্বজুড়ে যখন সরবরাহ শৃঙ্খলে টানাটানি, কাঁচামালের দাম আকাশচুম্বী আর পশ্চিম এশিয়ার অস্থিরতা—তখন এসবের প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটেও। বাড়ছে জীবনযাত্রার খরচ। এমন জটিল পরিস্থিতিতে মালয়েশিয়া সরকার বড় ধরনের কৌশল নিয়ে এগোতে গুরুত্ব দিচ্ছে। আর সেই লক্ষ্যেই বসেছে দেশটির জাতীয় অর্থনৈতিক কার্যপরিষদের এক জরুরি বৈঠক।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এই বৈঠকের সভাপতিত্ব করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় কী করা দরকার—সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দেখা যায়, বিশ্বব্যাপী যত সংকট চলছে, তা মোকাবিলায় সরকার এখন সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দিচ্ছে। বিশেষ করে কাঁচামালের দাম বেড়ে যাওয়া আর সরবরাহ শৃঙ্খলেই বিঘ্ন ঘটায় সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়েছে—এই চাপ কমানোর জন্য কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
সরকারের ‘মাদানি’ নীতির আওতায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে, শুধু দাম স্থিতিশীল রাখলেই হবে না। বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের জোগান যেন অব্যাহত থাকে এবং হঠাৎ দাম বেড়ে গেলে সাধারণ মানুষ যেন সুরক্ষিত থাকে—সেটাও নিশ্চিত করবে সরকার।
এই লক্ষ্যে সরকার তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ওপর জোর দিচ্ছে। পাশাপাশি শিল্প খাতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা এবং দ্রুত মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।
বৈঠকের সবচেয়ে জরুরি অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে—জ্বালানি সরবরাহ এবং গুরুত্বপূর্ণ উপকরণের দাম স্থিতিশীল রাখা, জীবনযাত্রার খরচ নিয়ন্ত্রণ করা, উন্নয়ন প্রক্রিয়া চালিয়ে নেওয়া, আর কর্মসংস্থান ও পরিবারের আয় সুরক্ষিত রাখা।
তার পাশাপাশি দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ব জুড়ে যত অনিশ্চয়তা থাকুক না কেন, মালয়েশিয়ার অর্থনীতির ভিত কিন্তু শক্ত। তবে এই শক্তিকে কাজে লাগাতে প্রয়োজন সুসংগঠিত, সাহসী ও দৃঢ় উদ্যোগ। সরকার সে পথেই হাঁটছে—যাতে জনগণের মঙ্গল নিশ্চিত হয় আর অর্থনীতি থাকে চাঙ্গা।
