চীনে ঐতিহ্যবাহী ব্যাঙ উৎসব অনুষ্ঠিত
চীনের ঝুয়াং জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী ব্যাঙ উৎসব হাজার হাজার দেশি বিদেশি পর্যটকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। ঝুয়াং জাতীয়তার ঐতিহ্যবাহী উৎসবের গভীর ইতিহাস, দুর্দান্ত সংস্কৃতি এবং মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হতে দেশি বিদেশি পর্যটকদের সাথে বাংলাদেশি পর্যটকরাও এই উৎসবে অংশ নেয়।
ঐতিহ্যবাহী এই ব্যাঙ উৎসবটি চাইনিজ লুনার ক্যালেন্ডারের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিন চীনের গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত তংলান কাউন্টিতে অনুষ্ঠিত হয়।
উৎসব চলাকালীন ১০,০০০ এরও বেশি চীনা এবং বিদেশী পর্যটক, এবং স্থানীয় লোকেরা ঝুয়াং জাতিগোষ্ঠীর প্রাচীন এবং বৈচিত্রপূর্ণ লোক সংস্কৃতি উপভোগ করতে এবং ব্যাঙ উৎসব এর দুর্দান্ত সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন করতে সমবেত হয়।
ব্যাঙ উৎসবের সবচেয়ে গৌরবময় এবং প্রাণবন্ত ক্রিয়াকলাপ হল ঐতিহ্যবাহী পোশাক পড়ে ব্যাঙের গান গাওয়া এবং ব্রোঞ্জ ড্রামের সুরেলা আওয়াজে নাচ করা। উৎসবে অংগ্রহণকারী বাংলাদেশি সহ বিদেশী পর্যটকরা ব্রোঞ্জ ড্রাম পিটিয়ে, ব্যাঙের নাচ এবং বাঁশের খুঁটি নাচের অভিজ্ঞতা সঞ্চয় করে।
তাছাড়া লাঙ্গল নাচ, ফসলের নাচ, আশীর্বাদ নাচ, ঝুয়াং জিঙ্গেল, লোকগানের ডুয়েট এবং বনফায়ার পাটির মতো অনুষ্ঠানগুলি পালাক্রমে মঞ্চস্থ হয়। অনন্য লোকজ কার্যক্রমগুলোও পর্যটকদের আকৃষ্ট করে। উৎসবকে ঘিরে বাহারি খাবারের মেলাও বসেছিল। আশীর্বাদের আশায় ছোটরা বড়দের উত্তরীয় পরিয়ে দেয়। গালে মাখায় নানা ধরনের রং।
ঝুয়াং জাতিগোষ্ঠীর মানুষেরা তাদের স্থানীয় উপভাষায় ব্যাঙকে মাগুয়াই বলে থাকে এবং এই ব্যাঙকে বৃষ্টি এবং বাতাসের দেবতা হিসাবে উপসনা করে। তারা মনেপ্রাণে বিশ্বাস করে, দেবতা ব্যাঙ বাতাস এবং বৃষ্টির দায়িত্বে রয়েছেন।
উৎসবের সময় স্থানীয় লোকজন দীর্ঘজীবী বৃদ্ধ ব্যাঙ আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন, ধূপ জ্বালান এবং ধার্মিকভাবে ব্যাঙের উপাসনা করেন এবং একই সাথে প্রতি বছর ভাল আবহাওয়া, প্রচুর শস্য এবং সমস্ত ঋতুতে মানুষ ও প্রাণীর সমৃদ্ধি কামনায় প্রার্থনা করে।
এনবিএস/ওডে/সি
