দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা বিশ্ব ফুটবলে বরাবরই আলোচিত নাম। এবার সেই দেশেই তৈরি হতে যাচ্ছে নতুন এক ইতিহাস। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট তাদের ঘরের মাঠ ঐতিহ্যবাহী মনুমেন্তাল স্টেডিয়ামকে বিশ্বমানের সুপার স্টেডিয়ামে রূপ দিতে বিশাল সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে। কাজ শেষ হলে এই স্টেডিয়াম হবে বিশ্বের দ্বিতীয় বৃহৎ ফুটবল স্টেডিয়াম।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রিভার প্লেটের প্রেসিডেন্ট স্তেফানো দি কার্লো স্টেডিয়াম সম্প্রসারণের ঘোষণা দেন। তিনি দিনটিকে ক্লাবের ইতিহাসে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। জানান, প্রকল্পের অংশ হিসেবে পুরো গ্যালারির ওপর ছাদ নির্মাণ করা হবে।
আর্জেন্টিনা জাতীয় দলের ঘরের মাঠ মনুমেন্তাল স্টেডিয়ামের সংস্কার শেষ হলে এটি ক্লাব পর্যায়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়ামে পরিণত হবে। তখন স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা দাঁড়াবে ১ লাখ ৫ হাজারে।
বর্তমানে ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে যুক্ত হবে আরও ১৬ হাজার আসন। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ডলারেরও বেশি। চলতি বছরের এপ্রিল থেকে নির্মাণকাজ শুরুর পরিকল্পনা রয়েছে, যা শেষ হতে সময় লাগবে আনুমানিক ৩৬ মাস।
চারবারের কোপা লিবার্তাদোরেস জয়ী রিভার প্লেট এই প্রকল্প বাস্তবায়নে জার্মান একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে। ক্লাবটির প্রত্যাশা, আর্জেন্টিনা ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার আগেই স্টেডিয়ামের সংস্কারকাজ সম্পন্ন হবে।
এক বিবৃতিতে রিভার প্লেট জানায়, গত এক বছর ধরে তারা জার্মান প্রকৌশল প্রতিষ্ঠান শ্লাইখ বার্গারমান পার্টনার (এসবিপি)-এর সঙ্গে কাজ করছে। বৃহৎ স্টেডিয়ামের ছাদ নির্মাণে বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠান এর আগে রিয়াদ এয়ার মেট্রোপলিতানো, টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, অ্যালিয়াঞ্জ অ্যারেনা, মারাকানা ও সান্তিয়াগো বার্নাব্যুর মতো একাধিক আইকনিক প্রকল্পে কাজ করেছে।
