ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেকোনো হুমকির জবাব ইরান 'মাঠে গিয়ে' দেবে। তিনি বলেছেন, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পুরোপুরি প্রস্তুত এবং যেকোনো আগ্রাসনের মুখে কঠোরভাবে জবাব দিতে সক্ষম।

আইআরজিসির মহাকাশ বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ মুসাভি শুক্রবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, "ট্রাম্প অনেক কথা বলে, কিন্তু সে নিশ্চিত থাকতে পারে যে মাঠে তার জবাব পাবে।" তার এই মন্তব্য এসেছে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে।

এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, ইরানের গণবিক্ষোভ মোকাবিলায় দেশটির সরকার কঠোর হলে যুক্তরাষ্ট্র নতুন সামরিক পদক্ষেপ নিতে পারে। গত ডিসেম্বরে ইরানে অর্থনৈতিক দাবিতে শুরু হওয়া বিক্ষোভকে কেন্দ্র করেই এই উত্তেজনা তৈরি হয়েছে।

ইরানি কর্মকর্তাদের দাবি, ওই বিক্ষোভের সময় দাঙ্গাবাজরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছ থেকে গোয়েন্দা তথ্য, অস্ত্র ও লজিস্টিক সহায়তা পাচ্ছিল। ইরানের নিরাপত্তা বাহিনী দ্রুততার সঙ্গে দাঙ্গার মূল হোতাদের গ্রেপ্তার করেছে এবং প্রচুর অস্ত্রও জব্দ করেছে।

ব্রিগেডিয়ার জেনারেল মুসাভি বলেন, "দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য সরকার কাজ করছে, কিন্তু কেউ যদি বিক্ষোভকে অরাজকতায় রূপ দিতে চায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

তাঁর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন গত দুই সপ্তাহ আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে আইআরজিসির মহাকাশ বিভাগ যেকোনো আক্রমণ মোকাবিলায় 'সর্বোচ্চ প্রতিরক্ষা প্রস্তুতি' অর্জন করেছে।

তিনি গত জুনের একটি ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। মুসাভির কথায়, "ওই যুদ্ধ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের অস্ত্র ও প্রযুক্তি এখন অনেক বেশি উন্নত। তখনকার দুর্বলতাগুলো ঠিক করা হয়েছে। এখন আমাদের এই বিভাগ পুরোপুরি শক্তিশালী এবং সর্বোচ্চ প্রস্তুতিতে আছে।"

 

news