আন্তর্জাতিক ডেস্ক: সীমান্ত উত্তেজনার মাঝেই আফগানিস্তানের ৯৪টি চেকপোস্ট ধ্বংস ও দখলের দাবি করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ৭৪টি চেকপোস্ট ধ্বংস করা হয়েছে এবং আরও ১৮টি চেকপোস্ট পাকিস্তানের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জিও নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর-এর মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরি বলেন, পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে বিনা উসকানির আগ্রাসনের জবাবে পরিচালিত অভিযানে এ পর্যন্ত অন্তত ২৭৪ জন তালেবান সদস্য ও সহযোগী জঙ্গি নিহত হয়েছেন।

তিনি জানান, ২১ ও ২২ ফেব্রুয়ারির রাতে আফগানিস্তানের ভেতরে সন্ত্রাসী আস্তানায় লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়।

চৌধুরির ভাষ্য অনুযায়ী, আফগান তালেবান সরকার পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে তথাকথিত অভিযান শুরু করে। এ অভিযানের নামে সীমান্তের ১৫টি সেক্টরের ৫৩টি স্থানে গুলি চালানো হয়েছে। তবে পাকিস্তান তা কার্যকরভাবে প্রতিহত করেছে বলে দাবি করা হয়।

সীমান্তের একাধিক সেক্টরে সংঘর্ষ

আইএসপিআর প্রধান বলেন, খাইবার পাখতুনখোয়া-র চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররম ও বাজাউরসহ একাধিক সেক্টরে তালেবান যোদ্ধাদের গুলিবর্ষণের জবাবে পাকিস্তান পূর্ণ শক্তিতে পাল্টা আঘাত হানে।

তার দাবি, অভিযানে ২৭৪ জন তালেবান সদস্য ও সংশ্লিষ্ট জঙ্গি নিহত হয়েছেন এবং ৪০০-র বেশি আহত হয়েছেন। একই সঙ্গে ৭৪টির বেশি পোস্ট ধ্বংস এবং ১৮টি চেকপোস্ট পাকিস্তানের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এছাড়া ১১৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংসের কথাও বলা হয়েছে।

আফগানিস্তানের ভেতরে হামলার দাবি

আহমেদ শরিফ চৌধুরি আরও জানান, নাঙ্গারহার, লাগমান ও পাকতিকা প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি কাবুল-এ একটি ইনফ্যান্ট্রি ব্রিগেড সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে এবং কান্দাহার-এ একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবিও করা হয়েছে।

সীমান্তে এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

 

news