জাতীয় বাজেটের সরকারি ও করপোরেট খাতে প্রভাব নিয়ে এনএসইউতে সেমিনার

জাতীয় বাজেটের বিভিন্ন বিধান সরকারি ও করপোরেট খাতে কীভাবে প্রভাব ফেলে, তা নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে…

প্রকাশ: হালনাগাদ: ১ বার পঠিত
জাতীয় বাজেটের সরকারি ও করপোরেট খাতে প্রভাব নিয়ে এনএসইউতে সেমিনার
— ছবি: এনএসইউ
শেয়ার:

জাতীয় বাজেটের বিভিন্ন বিধান সরকারি ও করপোরেট খাতে কীভাবে প্রভাব ফেলে, তা নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ৮০১-এ অনুষ্ঠিত আলোচনায় রাজস্বনীতি, বিনিয়োগ, ব্যবসায়িক আস্থা ও টেকসই প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে বক্তারা কথা বলেন।

এনএসইউর এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের উদ্যোগে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটির (এনএসইউ ইয়েস!) সহযোগিতায় সেমিনারটি আয়োজিত হয়। এতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তি, ব্যবসায়িক প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। মূল আলোচনায় সরকারি ব্যয়, রাজস্ব আহরণ, অর্থনৈতিক উন্নয়ন ও করপোরেট কার্যক্রমে জাতীয় বাজেটের বিভিন্ন বিধানের প্রভাব তুলে ধরা হয়।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এনএসইউ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান এম. এ. কাশেম। তিনি এর আগে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আলোচনায় ব্যবসায়িক আস্থা, বিনিয়োগ ও জাতীয় নেতৃত্বের দায়িত্ব নিয়ে বক্তারা বক্তব্য রাখেন। দেশ থেকে পুঁজি বাইরে যাওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আস্থার অবনতি এবং দেশীয় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিনিয়োগ আকর্ষণ ও অর্থনীতিতে আস্থা পুনর্গঠনে একটি বিনিয়োগকারী ফোরাম গঠনের সম্ভাবনাও আলোচনায় আসে।

বক্তারা বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে ব্যবসায়ীসমাজ ও বৃহত্তর জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণসহ সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

সেমিনারের সেশন চেয়ার ছিলেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তাঁর প্রস্তুতকৃত আলোচনায় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের সহযোগিতা বাড়ানোর কয়েকটি প্রস্তাব উপস্থাপিত হয়।

প্রস্তাবগুলোর মধ্যে ছিল ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রমে কর-প্রণোদনা, শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী অবকাঠামোয় বিনিয়োগ সম্প্রসারণ। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সহজলভ্য গবেষণা তহবিল, শিক্ষার্থী উদ্যোক্তাদের প্রাথমিক পর্যায়ের অর্থায়ন এবং স্টার্টআপ ইনকিউবেশনে বেশি সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা অর্থনীতি ও করপোরেট খাতকে প্রভাবিত করা বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। একাডেমিক যোগ্যতা ও শিল্পখাতের চাহিদার অসামঞ্জস্য, কর্মসংস্থানে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং মধ্যম আয়ের পরিবারের আর্থিক চাপ নিয়ে প্রশ্ন ওঠে।

তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা, রপ্তানি বহুমুখীকরণ, বৈশ্বিক অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় রাজস্বসংক্রান্ত প্রস্তুতি এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের ফলে স্টার্টআপ ও রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা হয়।

আলোচনায় সম্ভাব্য রাজস্ব সংস্কার, আনুষ্ঠানিক করব্যবস্থার পরিধি সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে দায়িত্বশীল প্রযুক্তি গ্রহণে প্রণোদনার বিষয়ও উঠে আসে।

প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এফ. জে. মোহাইমেন এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব অধ্যাপক ড. মো. মোখলেছ উর রহমান।

একাডেমিক আলোচনায় অংশ নেন এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ও ইকোনমিকস রিসার্চ প্ল্যাটফর্মের পরিচালক ড. এ. কে. এম. আতিকুর রহমান।

সেমিনারের সূচনা বক্তব্য দেন এনএসইউর এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের পরিচালক ও অধ্যাপক ড. নাজলী সিদ্দিকী। তিনি জাতীয় বাজেটসংক্রান্ত সিদ্ধান্ত ও তার বিস্তৃত অর্থনৈতিক প্রভাব বোঝার ক্ষেত্রে সেমিনারের গুরুত্ব তুলে ধরেন।

উপাচার্যের স্বাগত বক্তব্যের পর অর্থসচিব মূল আলোচনা পরিচালনা করেন। এরপর এম. এ. কাশেম নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বক্তব্য দেন।

হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সিনিয়র লেকচারার ও এনএসইউ ইয়েস!-এর ফ্যাকাল্টি অ্যাডভাইজার মির্জা এম. ফেরদৌসের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনা পর্ব শেষ হয়। পরে সম্মাননা স্মারক প্রদান ও দলীয় আলোকচিত্র গ্রহণ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি

কন্ট্রিবিউটর, NBS Bangla

সম্পর্কিত সংবাদ

এনএসইউ–ইউএসডিএনের উদ্বোধনী শিক্ষার্থী সংলাপে তরুণ নেতৃত্ব ও জনসেবার আলোচনা

এনএসইউ–ইউএসডিএনের উদ্বোধনী শিক্ষার্থী সংলাপে তরুণ নেতৃত্ব ও জনসেবার আলোচনা

ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্ক (ইউএসডিএন) ও নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট …