চার বছরে নতুন দরিদ্র ৮০ লাখ, ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ

উচ্চ মূল্যস্ফীতি, প্রকৃত আয় কমে যাওয়া ও কর্মসংস্থানের সংকটের কারণে গত চার বছরে বাংলাদেশে নতুন করে দরিদ্র হয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ…

প্রকাশ: হালনাগাদ: ১ বার পঠিত
চার বছরে নতুন দরিদ্র ৮০ লাখ, ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
শেয়ার:

উচ্চ মূল্যস্ফীতি, প্রকৃত আয় কমে যাওয়া ও কর্মসংস্থানের সংকটের কারণে গত চার বছরে বাংলাদেশে নতুন করে দরিদ্র হয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ। একই সঙ্গে দারিদ্র্যসীমার সামান্য ওপরে থাকা আরও ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন। বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিশ্বব্যাংকের হিসাবে, টানা চার বছর ধরে দেশে দারিদ্র্যের হার বাড়ছে। চলতি অর্থবছর শেষে এই হার ২২ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। ২০২৩ সালে তা বেড়ে ১৮ দশমিক ৯ শতাংশ হয়। ওই বছর নতুন করে দরিদ্র হন প্রায় ৮ লাখ মানুষ।

২০২৪ সালে দারিদ্র্যের হার বেড়ে ২০ দশমিক ৫ শতাংশে পৌঁছায়। ওই বছর নতুন করে দরিদ্র হন প্রায় ৩৭ লাখ মানুষ। ২০২৫ সালে হারটি ২১ শতাংশ ছাড়িয়ে যায়; নতুন দরিদ্রের সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ।

চলতি বছরে আরও প্রায় ২১ লাখ মানুষ দরিদ্র হয়েছেন। ফলে দারিদ্র্যের হার বেড়ে প্রায় ২২ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। চলতি অর্থবছর শেষে এই হার ২২ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

বিবিএসের জনশুমারি অনুযায়ী, ২০২২ সালে দেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ এবং পরিবার ছিল ৪ কোটি ১০ লাখ। পরবর্তী সময়ে জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিলে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের সংখ্যা আরও বেশি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খাদ্য, বস্ত্র ও বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণের ব্যয় বিবেচনা করে দারিদ্র্য পরিমাপ করে বিবিএস। দৈনিক গড়ে ২ হাজার ১২২ ক্যালরি খাদ্যগুণসম্পন্ন খাবার কেনা এবং খাদ্যবহির্ভূত প্রয়োজনীয় ব্যয় মেটানোর মতো আয় না থাকলে কাউকে দরিদ্র হিসেবে বিবেচনা করা হয়।

২০০১ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ৪৮ দশমিক ৯ শতাংশ। পরবর্তী দুই দশকে দারিদ্র্য বিমোচনে অগ্রগতি হয়। ২০২২ সালে দারিদ্র্যের হার ১৮ শতাংশে নেমে আসে। কিন্তু ওই বছরের পর দারিদ্র্য কমার ধারা থেমে আবার বাড়তে থাকে।

সংশ্লিষ্টরা বলছেন, খাদ্যপণ্যের দাম বৃদ্ধির চাপে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আয় বাড়ার তুলনায় ব্যয় বেড়েছে বেশি। কাজের সুযোগ সীমিত হওয়ায় অনেক পরিবার নিয়মিত আয় ধরে রাখতে পারছে না।

বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ, কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া এবং চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ পরিবারগুলো দ্রুত আর্থিক সংকটে পড়ছে। আগামী অর্থবছরে প্রায় ৬ লাখ ৩০ হাজার নিট কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হলেও, দ্রুত দারিদ্র্য কমাতে তা যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বেসরকারি উন্নয়ন সংস্থাসংশ্লিষ্টদের মতে, দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা এখনো মূলত মানুষ দরিদ্র হয়ে পড়ার পর সীমিত সহায়তা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। ঝুঁকিপূর্ণ পরিবারকে আগেভাগে সুরক্ষা দেওয়া, সামাজিক বিমা এবং আয়-ঝুঁকি মোকাবিলার কার্যকর ব্যবস্থা এখনো দুর্বল।

তাঁদের মতে, শুধু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার দিয়ে অর্থনৈতিক অগ্রগতি মূল্যায়ন করলে চলবে না। প্রবৃদ্ধি কতটা কর্মসংস্থান সৃষ্টি করছে, মানুষের প্রকৃত আয় বাড়াচ্ছে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিচ্ছে—সেদিকেও গুরুত্ব দিতে হবে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতির একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে বিশ্বব্যাংক। উচ্চ মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের দাম বৃদ্ধির চাপ, প্রকৃত মজুরি কমে যাওয়া, দুর্বল বেসরকারি বিনিয়োগ এবং পর্যাপ্ত উৎপাদনশীল কর্মসংস্থান না হওয়ায় নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা ভেঙে পড়ছে।

তিনি বলেন, দেশের অধিকাংশ কর্মসংস্থান অনানুষ্ঠানিক খাতে। ফলে চাকরি হারানো, অসুস্থতা কিংবা নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার মতো একটি ধাক্কাই অনেক পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।

ওয়েব ডেস্ক
ওয়েব ডেস্ক

সাব এডিটর, NBS Bangla

সম্পর্কিত সংবাদ

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে নীতিমালা তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ …

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় আসছে ভারতের জলসম্পদ প্রতিনিধিদল, নবায়ন আলোচনায় নেই

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় আসছে ভারতের জলসম্পদ প্রতিনিধিদল, নবায়ন আলোচনায় নেই

দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ–ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ…

দেশে সহিংসতা বাড়ার মধ্যে শেখ হাসিনা ও ভারতকে দায়ী করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে সহিংসতা বাড়ার মধ্যে শেখ হাসিনা ও ভারতকে দায়ী করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সহিংসতা বাড়ার জন্য ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে দায়ী করেছেন। স্বৈরশাসক…