যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। আজ রোববার (১ মার্চ) ইসরায়েলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তেহরানের নারমাক এলাকায় অবস্থিত তাঁর ব্যক্তিগত বাসভবনে এই হামলা চালানো হয় বলে জানা গেছে ।

সূত্রটি বলেছে, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলার অংশ হিসেবে আহমেদিনেজাদের বাড়ি টার্গেট করা হয়। ইরানের লেবার নিউজ এজেন্সি (ইলনা) জানিয়েছে, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক সদস্যও এই হামলায় নিহত হয়েছেন ।

আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তিনি কট্টরপন্থি হিসেবে পরিচিত ছিলেন। পশ্চিমাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। ইরানের পরমাণু কর্মসূচি ও পশ্চিমা বিশ্বের সঙ্গে টক্করের সময় তিনি ছিলেন ইরানের সবচেয়ে পরিচিত মুখ ।

২০০৯ সালের নির্বাচনের মাধ্যমে তিনি আবারও ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ওই নির্বাচনটি ছিল বিতর্কিত। সে বছরের নির্বাচনের পর ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, যা 'সবুজ আন্দোলন' নামে পরিচিতি পায় ।

ক্ষমতা ছাড়ার পরও তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং সরকারি দুর্নীতির বিরুদ্ধে সরব হন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হলে পরবর্তী সময়ে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ থেকে তাকে বঞ্চিত করা হয় । গতকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনিও নিহত হয়েছেন ।

 

news