সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে ওই ঘাঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গতকাল শনিবার হামলার পর আজ দ্বিতীয় দিনের মতো আবুধাবিকে টার্গেট করেছে ইরান। নৌঘাঁটিতে আগুনের ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “আজ আবুধাবির আল সালাম নৌঘাঁটির একটি গুদামে ইরানের দুটি ড্রোন হামলা চালায়। এরপর উদ্ধারকারী দল সেখানে কাজ শুরু করে। এই হামলায় সাধারণ মালামাল থাকা দুটি কন্টেইনারে আগুন ধরে যায়, তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।”
আমিরাতের সরকারি বার্তাসংস্থা ওয়াম জানিয়েছে, ড্রোন হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট দলগুলো দ্রুত ব্যবস্থা নিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে গতকাল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ও জেবেল আলি বন্দরে হামলা চালায় ইরান। শনিবার সকালে ইসরায়েল ও মার্কিন যৌথ বাহিনীর ইরান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও আমিরাতের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান।
বিশ্লেষকরা বলছেন, আমিরাতের নৌঘাঁটি লক্ষ্য করে ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত আরও তীব্র আকার ধারণের ইঙ্গিত দিচ্ছে।
