মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এবার কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। দেশটির দাবি, হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ট্যাংককে লক্ষ্য করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সরাসরি লক্ষ্যবস্তু করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা চালানো হয়েছে।”

এদিকে একই সময়ে সৌদি আরবেও একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৬টার দিকে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত এক ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে সাতটি ড্রোন ভূপাতিত করেছে।

এর প্রায় এক ঘণ্টা আগে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের আকাশসীমায় পৌঁছানোর পর ইরানের আরও আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ফলে কয়েক ঘণ্টার মধ্যেই রিয়াদের আকাশে মোট ১৫টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। সাম্প্রতিক এসব হামলার ঘটনায় পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, কুয়েত ও সৌদি আরবকে ঘিরে ড্রোন হামলার এই ধারাবাহিক ঘটনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে।

 

news